অবৈধভাবে বালু তোলায় পাঁচজনকে জরিমানা
নরসিংদীর মনোহরদীতে পুরোনো ব্রহ্মপুত্র নদ থেকে শ্যালো ইঞ্জিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার গাংকুলকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম কিবরিয়া।
মো. শামীম কিবরিয়া বলেন, বালু উত্তোলনের সময় মো. সুমন মিয়া, মো. আদম আলী, মো. ফজলুর রহমান ও সাইফুল ইসলামকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি উত্তোলন করা বালু সরবরাহ করার দায়ে বিল্লাল হোসেন নামের আরেকজনকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরঞ্জাম হিসেবে দুটি শ্যালো ইঞ্জিন, একটি ট্রলি এবং প্রায় ৫০ হাজার ফুট উত্তোলন করা বালু জব্দ করা হয়।