অবৈধভাবে বালু তোলায় বিলীন হচ্ছে ফসলি জমি ও ভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক এক ছাত্রনেতার নেতৃত্বে প্রায় দেড় মাস ধরে বংশাই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদী তীরের ফসলি জমি, বসতঘর, কাঠবাগান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ঘটনায় গতকাল শনিবার ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মির্জাপুর থানায় দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী জানান, দেড় মাস আগ থেকে মির্জাপুর কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) আবু সাইদ মিয়া উপজেলার বংশাই নদীর গোড়াইল ও চাকলেশ্বর এলাকায় খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলা শুরু করেন। স্থানীয় কয়েকজন এই কাজে তাঁকে সহায়তা করছেন। গত ২৪ ও ২৬ জুন ভ্রাম্যমাণ আদালতের দুই বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা খননযন্ত্র ও বালুবাহী ট্রলারের ছয়জন এবং মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহাম্মেদ ১৪ জনকে দুই দফায় ১৫ দিন করে কারাদণ্ড দিলে বালু তোলা বন্ধ থাকে। এক সপ্তাহ পর পুনরায় চারটি খননযন্ত্র দিয়ে বালু তোলা শুরু হয়। এতে নদী তীরের ফসলি জমি ও পাশের বসতভিটা নদীগর্ভে বিলীন হতে থাকে।
সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় গোড়াইল ও চাকলেশ্বর গ্রামে বংশাই নদীর তীরবর্তী এলাকায় খননযন্ত্র দিয়ে বালু তোলা শুরু করলে ফসলি জমি ও কাঠবাগান নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ছাড়া দুটি বসতবাড়িও হুমকির মুখে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এর প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। পরে গতকাল সকালে ক্ষতিগ্রস্ত কয়েকজন খননযন্ত্র ও বালু বহনকারী ট্রলারের মালিকদের ধাওয়া করেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে চাকলেশ্বর গ্রামের ইদ্রিস আলী মৃধা ও গোড়াইল গ্রামের শামসুল মিয়া ছাত্রনেতা আবু সাইদকে প্রধান আসামি করে মির্জাপুর থানায় অভিযোগ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা জানান, তিনি প্রশিক্ষণে রয়েছেন। কর্মস্থলে ফিরে বালু তোলার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মির্জাপুর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. নাসিরুদ্দিন বলেন, তিন মাস আগে গোড়াইল–চাকলেশ্বর বালুমহালটি টাঙ্গাইলের জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়।
বালু তোলার কথা স্বীকার করে আবু সাইদ মিয়া বলেন, তিনি অবৈধভাবে বালু তুলছেন না। তিনি ইজারাদার জহিরুল ইসলামের কাছ থেকে বালু কিনেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, খননযন্ত্র ও বালু বহনকারী ট্রলার ত্রিমোহন এলাকায় অবস্থিত সাইদ মিয়ার ইটভাটার কাছে রাখা হয়েছে। এ ছাড়া বালু তোলার ফলে নদী তীরে অবস্থিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিও হুমকিতে পড়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে শামসুল মিয়ার স্ত্রী রূপভানু বলেন, ‘নদীগর্ভে ঘর যাওয়ার আশঙ্কায় একটি ঘর সকালে অন্যত্র সরিয়ে নিয়েছি। অপর একটি বসতঘর এবং গরু রাখার ঘরটিও সরানোর চেষ্টা করা হচ্ছে।’
ইদ্রিস আলী মৃধা জানান, খননযন্ত্র দিয়ে বালু তোলার ফলে তাঁর ৪৫ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া একটি কাঠবাগানের ২৭৫টি বিভিন্ন প্রজাতির গাছ নদীগর্ভে যাওয়ায় জমি ও গাছসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর প্রতিবাদ করায় সাইদের লোকজন তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএনও মো. মাসুম আহাম্মেদ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।