অবৈধভাবে মেঘনার শাখা থেকে বালু উত্তোলন
নোয়াখালীর সুবর্ণচরের স্টিমারঘাট এলাকায় মেঘনার শাখা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র আট-নয় মাস ধরে এ কাজ করছে।
বালু তোলার কারণে পাশের একটি সেতু হুমকির মুখে পড়তে পারে। এ ছাড়া নদীভাঙন দেখা দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা।
১৫ নভেম্বর স্টিমারঘাট এলাকা ঘুরে দেখা যায়, স্টিমারঘাট সেতুর পশ্চিম পাশে চারটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে মেঘনার শাখা নদী থেকে বালু তোলা হচ্ছে। বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক মো. ছায়েদ জানান, নদী থেকে তোলা বালু দিয়ে ভূঁইয়ারহাট বাজারসংলগ্ন একটি স্কুলের মাঠ ভরাট করা হচ্ছে। এ ছাড়া উত্তোলন করা বালু দিয়ে রাস্তা, বাড়ি তৈরি ও পুকুর ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আট-নয় মাস ধরে স্টিমারঘাটসংলগ্ন মেঘনার শাখা নদী থেকে বালু তোলা হচ্ছে। এরই মধ্যে প্রায় ৩০ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে। এই বালু দিয়ে চরবাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ উদ্যান, কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের ভবনসহ বিভিন্ন স্থাপনা তৈরির জন্য জায়গা ভরাট করা হয়েছে। এ ছাড়া খালি জমি, বেশ কয়েকটি পুকুর এবং বাড়ি তৈরির জন্য জায়গা ভরাট করা হয়েছে। সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেনেরতত্ত্বাবধানে বালু তোলা হচ্ছে।
তবে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি কখনোই নদী থেকে বালু তুলে বিক্রি করেননি। তবে সামাজিক দায়িত্ব হিসেবে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য কিছু বালু উত্তোলনে সহযোগিতা করছেন। এ ছাড়া এর আগে এলাকায় আরও দু-একটি উন্নয়নকাজের সময় ঠিকাদারেরা নদী থেকে বালু তুলেছেন। এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার বসাক প্রথম আলোকে বলেন, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে ওই এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে নদীর তীরে ভাঙন দেখা দিতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, স্টিমারঘাটের পাশে নদী থেকে বালু তোলার বিষয়টি তাঁদের জানা নেই। অনুমতি ছাড়া নদী থেকে বালু তোলারও সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিতে শিগগিরই একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হবে।
সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, স্টিমারঘাট এলাকার ওই সেতু এমনিতেই ঝুঁকির মধ্যে আছে। তার ওপর যদি সেতুর আশপাশে নদী থেকে বালু তোলা হয়, তাহলে সেতুটি আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
নদী থেকে বালু তোলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বলেন, তিনি বিষয়টি সম্পর্কে জানেন না। এ ব্যাপারে খোঁজ নেবেন।