অবৈধভাবে শঙ্খ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্খ নদে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। গতকাল সকালে আনোয়ারার ভরাচর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
শঙ্খ নদে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। গতকাল সকালে আনোয়ারার ভরাচর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারায় দুটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে শঙ্খ নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, বালু তোলার কারণে বরুমচড়া ইউনিয়নের ভরাচর ও জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে শঙ্খের ভাঙন বেড়ে গেছে।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় একটি খননযন্ত্র দিয়ে শঙ্খ নদ থেকে বালু তুলছেন শ্রমিকেরা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাঁরা খননযন্ত্রটি নদের বাঁশখালী প্রান্তের দিকে নিয়ে যান। ওই সময় গোদারগোড়া এলাকায় আরেকটি খননযন্ত্র থেকে নদের তীরে বালু নামানো হচ্ছিল।
স্থানীয় সূত্র জানায়, জুঁইদণ্ডীর আব্বাস উদ্দিনসহ তিন ব্যক্তি এবং বটতলীর কিছু ব্যক্তি এক বছর ধরে অবৈধভাবে শঙ্খ নদ থেকে বালু তুলে ব্যবসা করে আসছেন। তাঁরা কখনো একটি আবার কখনো দুটি খননযন্ত্র দিয়ে বালু তুলছেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, বালু তোলার কারণে ভরাচর ও খুরুস্কুল গ্রাম এখন তীব্র ভাঙনের কবলে। এভাবে চলতে থাকলে শিগগিরই বিলীন হয়ে যাবে গ্রাম দুটি। বালু ব্যবসায়ী আব্বাস উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নদ থেকে ড্রেজার দিয়ে বালু তোলা অবৈধ এটা সত্য। তবে, আমরা বালু না তুললে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে হবে?’
বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বালু তোলায় দুটি গ্রাম ভাঙনের কবলে। আমরা বালু তোলা বন্ধে প্রশাসনের সহায়তা চাই।’
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। অবৈধভাবে বালু তোলা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে।’