যশোরের অভয়নগর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সড়াডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় মামলা হয়েছে। গত চার মাসে গ্রামের প্রায় ১০টি বাড়িতে ওই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার রাতে গ্রামের কৃষ্ণ মল্লিকের (৫৫) রান্নাঘরে ঢুকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়। ওই খাবার খেয়ে গৃহকর্তা কৃষ্ণ মল্লিক, তাঁর স্ত্রী উৎপলা মল্লিক (৪৫) ও ছেলে রনি মল্লিক (১৮) অচেতন হয়ে যান। রাতেই তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কৃষ্ণ মল্লিক বলেন, ‘রান্নাঘরে রাতের খাবার রান্না করে রাখা হয়েছিল। দরজা না থাকায় অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরে ঢুকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। রাতে খাবার খেয়ে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। চেতনা ফিরলে দেখতে পাই হাসপাতালে শুয়ে আছি।’ ওই চক্রটি তাঁর বাড়ি থেকে ১২ হাজার টাকা, দুটি সোনার চেইন, দুটি দুল ও দুটি মুঠোফোন নিয়ে গেছে বলে জানান তিনি।
এ ঘটনায় গতকাল কৃষ্ণ মল্লিক বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হলেন অভয়নগর উপজেলার সড়াডাঙ্গা গ্রামের সত্য মণ্ডল (১৮), ভাটবিলা গ্রামের নিলয় মণ্ডল (১৯), মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামের রাজু বিশ্বাস (২২) ও পোড়াডাঙ্গা গ্রামের কিংকর রায় (১৯)।
সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাজকুমার হালদার, স্থানীয় অজিত হালদার, তপন সরকারসহ কয়েকজন জানান, চার মাস ধরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল লুট করা হচ্ছে। সাধারণত সন্ধ্যার দিকে ওই চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়। এভাবে গ্রামের উৎপল রায়, স্বপন মজুমদার, কৃষ্ণ মল্লিকসহ অন্তত ১০ জনের বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন মাল লুট হয়েছে। আর কাজগুলো করেন মামলার আসামি ওই চার তরুণ। এক মাস আগে বিরাট মল্লিকের বাড়িতে খাবারে চেতনানাশক মেশানোর সময় হাতেনাতে ধরা পড়ে চক্রটি। এ সময় বাকিরা পালিয়ে যেতে পারলেও সত্য মণ্ডলকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে গ্রামে সালিস বৈঠকে সত্য মণ্ডল তাঁর সঙ্গীদের নাম-পরিচয় জানান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, আসামিরা পলাতক। দ্রুত তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।