অভয়নগরে নবজাতকের মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একটি ক্লিনিকে গতকাল শুক্রবার এক নবজাতকের মৃত্যু হয়। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওই ক্লিনিকে ভাঙচুর চালান।
এলাকার কয়েকজন জানান, উপজেলার শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগমের (২৩) প্রসব বেদনা উঠলে তাঁকে গতকাল সকালে উপজেলা সদরের নওয়াপাড়ার মমতাজ ক্লিনিকে ভর্তি করা হয়।
শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘স্ত্রীকে যখন ক্লিনিকে নিই তখন কোনো চিকিৎসক ছিল না। ক্লিনিক কর্তৃপক্ষ কল করে ডাক্তার আনবে বলে ভর্তি করায়। ভর্তির পর কর্তব্যরত সেবিকা ও আয়ারা স্ত্রীর অস্ত্রোপচারের প্রস্তুতি শেষ করে। এরপর তারা বেলা একটার দিকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে স্বাভাবিক ডেলিভারির চেষ্টা করে। একপর্যায়ে নবজাতকের মাথা বেরিয়ে এলেও শরীরের বাকি অংশ বের হয়নি। এ সময় কর্তব্যরত সেবিকা ও আয়া মিলে বাচ্চার মাথা ধরে টানাটানি করে। অনেক চেষ্টা করেও বাচ্চা বের করতে না পেরে পাশের ক্লিনিক থেকে তারা চিকিৎসক পরিতোষ কুণ্ডুকে ডেকে আনে। এর আগেই বাচ্চাটি মারা যায়।’
পরিতোষ কুণ্ডু বলেন, ‘আমি এসে মরা বাচ্চা পেয়েছি। এ সময় প্রসূতির অবস্থা খুব খারাপ ছিল। দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা বের করা হয়েছে।’
ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখ দেয়। বেলা দুইটার দিকে দুই শতাধিক লোক ক্লিনিকে হামলা চালান। দরজা-জানালা ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিকের মালিক, সেবিকা ও কর্মচারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মমতাজ ক্লিনিকের মালিক মহাসিন হোসেন দাবি করেন, ‘পেটের মধ্যেই বাচ্চাটি মারা যায়। এ জন্য নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। এরপর চিকিৎসক অস্ত্রোপচার করে মরা বাচ্চা বের করেন।’ সত্যিকার অর্থে শিশুটি জীবিত ছিল বলে তার মাথা বেরিয়ে যায় এবং সেবিকারা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন।