অভয়নগরে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সোমবার অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থান কাপড়, জিরা ও চা। মালামাল জব্দ করে নিয়ে যাওয়ার সময় এলাকার কয়েক শ নারী তাতে বাধা দেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেজর মো. লিয়াকত আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা সোমবার উপজেলার বুইকরা গ্রামের গোরস্থানের পাশে লিটু বেগমের বাড়িতে অভিযান চালান।
এ সময় তাঁরা অবৈধভাবে ভারত থেকে আনা ৩ হাজার ৬৯৬টি শাড়ি, ১ হাজার থ্রি-পিস, ৪ হাজার ১৮৫ কেজি থান কাপড়, দুই
বস্তা জিরা ও দুই বস্তা চা জব্দ করেন।
জব্দ করা মালামাল যশোরের কাস্টমস গুদামে নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকার কয়েক শ নারী ওই মালামাল বৈধ দাবি করে তা নিতে বাধা দেন।
মেজর মো. লিয়াকত আলী বলেন, ‘জব্দ করা সমুদয় মালামাল ভারতীয় এবং তা অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান চালিয়ে শাড়ি, থান কাপড়, জিরা ও চা জব্দ করেছি।’
অবশ্য ওই মালামালের বৈধ মালিক দাবি করেন লিটু বেগম।
লিটু বেগম বলেন, ‘ভারত থেকে মালামাল আমদানির জন্য গত ৪ জুন আমি একটি ঋণপত্র (এলসি) খুলি। ওই মালামালের জন্য আমি গত ১৭ জুন সোনালী ব্যাংক, বেনাপোল শাখায় ৩৯ লাখ ৯৯ হাজার ৪৩৪ টাকা শুল্ক দিয়েছি। ওই মালামাল বৈধ এবং আমি এর মালিক।’
অভিযানের সময় যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান উপস্থিত ছিলেন।