অভাব ঘোচানোর ভ্যানটিই কাল হলো...
অভাবের সংসার। তাই পড়াশোনার পাশাপাশি বাবার অটো ভ্যানটি চালাত ১২ বছরের রাজিকুল ইসলাম। আর এ অটো ভ্যানটি ছিনতাই করতে তাকে খুন করল তিনজন।
আজ সোমবার রাজিকুল হত্যার কথা স্বীকার করে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। তাঁরা জানান, রাজিকুলকে হত্যা করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে ১৫ হাজার টাকায় তাঁরা তা বিক্রি করেন। পরে পাঁচ হাজার টাকা করে তাঁরা তিনজন ভাগ করে নেন।
আজ সোমবার বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রাজিকুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বালিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের সঙ্গে উপজেলার ফোকপাল মহল্লায় থাকত। অভাবের সংসারে পরিবারকে সাহায্য করতে পড়াশোনার পাশাপাশি বাবার অটো ভ্যান চালাতে সে। গত ২৫ ডিসেম্বর অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরদিন বাড়ির পাশে দাশগ্রাম এলাকার একটি নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ ৬ জানুয়ারি রাজিকুলের প্রতিবেশী শাহাদত হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাজধানীর পূর্ব রামপুরা থেকে ইউনুস আলী এবং বগুড়ার নন্দীগ্রাম থেকে জিয়ারুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার ইউনুস ও জিয়ারুলকে আদালতে হাজির করা হলে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা বলেন, গ্রেপ্তার শাহাদাতসহ তাঁরা রাজিকুলের প্রতিবেশী। সম্প্রতি তাঁরা রাজিকুলের কাছ থেকে অটো ভ্যান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ ডিসেম্বর তাঁরা ভাড়ার কথা বলে রাজিকুলকে দাশগ্রামে নির্জন স্থানে নিয়ে যান। সন্ধ্যায় সেখানে পৌঁছালে তাঁরা ইট ও বাঁশ দিয়ে মাথায় আঘাত রাজিকুলকে হত্যা করেন।
এএসপি গাজিউর প্রথম আলোকে বলেন, জবানবন্দি শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অপর আসামি শাহাদাত বর্তমানে কারাগারে আছেন।