অভাবে পড়ে সন্তান বিক্রি
অভাবের কারণে সদ্যপ্রসূত ছেলেসন্তানকে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক মা। জানতে পেরে উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার ওই শিশুকে ফিরিয়ে আনে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর আবদার গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক রুমা আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে বিয়ে হয় পূর্বপরিচিত খায়রুল ইসলামের। তাঁদের দুজনের বাড়িই নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বিরানপুর গ্রামে। উত্তর আবদার গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রুমা পোশাক কারখানায় চাকরি করতেন। আর খায়রুল পিকআপ ভ্যান চালাতেন। মাস তিনেক আগে সাত মাসের অন্তঃসত্ত্বা রুমাকে ভাড়া বাড়িতে রেখে খায়রুল অন্য এক নারীকে বিয়ে করে নিরুদ্দেশ হন। গত তিন মাসে এক দিনও খায়রুল তাঁর খোঁজ নেননি। এর মধ্যে স্থানীয় একটি দোকানে বাকি পড়ে পাঁচ হাজার টাকা। আর ঘরভাড়া বাকি তিন মাসের।
গত ১৫ সেপ্টেম্বর রুমার গর্ভে জন্ম নেয় এক পুত্রসন্তান। সন্তানকে দেখে রুমা দুঃখ-কষ্টের কথা হয়তো ভুলেই গিয়েছিলেন। কিন্তু ঘরভাড়া তিন হাজার টাকা আর দোকানির পাওনা পরিশোধের চাপের কাছে শিশুকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। জন্মের দুই দিন পর ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ঠেলাগাড়িচালক রফিকুল ইসলামের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দেন নিজের সন্তানকে।
স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমানের নির্দেশে উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা বিলকিস নাহার শিশুটিকে গতকাল উদ্ধার করে নিয়ে আসেন।
রুমা বলেন, ‘দোকানের বাকি আর ঘরভাড়া দিতে না পারায় ছেলেটাকে বিক্রি করে দেই। ওরা আর আমার ছেলে ফেরত দিব না। তারা ১০ হাজার টাকা দিয়ে দলিল করে নিয়েছিল।’ এ সময় শিশুটিকে তাঁর দেওয়া হলে রুমা শিশুটিকে পালতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘এমন একটি ব্যবস্থা করে দেন, যাতে শিশুটিকে নিয়ে আমি পালতে পারি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলকিস নাহার প্রথম আলোকে জানান, শিশুটিকে যাঁরা কিনে নিয়েছিলেন, তাঁদের সঙ্গে রুমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।