রাজধানীর তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ও নিন্দা জানিয়ে গতকাল সোমবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে তারা। গণজাগরণ মঞ্চ শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে।
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘আমাদের মনে এ ধারণা জন্মানো অস্বাভাবিক নয় যে অভিজিৎ হত্যার ব্যাপারে কোনো দৃঢ় এবং সুসংহত পদক্ষেপ না নেওয়ার ফলেই হত্যাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে সাহস পেয়েছে। বাংলাদেশকে পাকিস্তানি ধাঁচে আরও একটি তালেবানি রাষ্ট্রে পরিণত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য বলে অনুমিত হয়।’
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে উগ্র ও ধর্মান্ধ জঙ্গিবাদী গোষ্ঠী যে প্রগতিশীল চেতনার মানুষকে হত্যা করার নীলনকশা বাস্তবায়নের দিকে অতি পরিকল্পিতভাবে এগোচ্ছে তা ব্লগার অভিজিৎ হত্যার এক মাস পরেই ওয়াশিকুর রহমানের হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয়। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে এবং এই জঙ্গিবাদী গোষ্ঠীকে দ্রুততার সঙ্গে দমন না করে, তবে মুক্তবুদ্ধির চর্চা দেশ থেকে অন্তর্হিত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তাঁরা সরকারের পাশাপাশি জনগণকেও এই পরিকল্পিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ওয়াশিকুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। পরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘এক মাসের অধিক সময় হয়ে গেল, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সঠিক কোনো তদন্ত হয়নি, এরই মধ্যে আবারও আরেক ব্লগার ওয়াশিকুরকে হত্যা করা হলো। বিচারহীনতার সংস্কৃতির জগদ্দল পাথর নিয়ে আমরা বুক চেপে বসে আছি এবং এর ফলে অপরাধীরা আইনের ফাকঁফোকড় দিয়ে বারবার বের হয়ে যাচ্ছে, নতুন নতুন হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে রাজনৈতিক দলগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে ইমরান বলেন, এসব হত্যাকাণ্ডে রাজনৈতিক দলগুলো নীরব ও মৌনতা পালন করছে, কারণ ক্ষমতায় থাকা ও যাওয়ার নেশায় তারা এই জঙ্গিগোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
ওয়াশিকুর হত্যার ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নামে একটি সংগঠন।