অভিজিৎ হত্যার ঘটনায় আরও ৭ জন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও সাতজনকে শনাক্ত করেছে পুলিশ। কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এই হত্যা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে নতুন করে আরও সাতজনকে শনাক্ত করা হলো। সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকেরা অভিজিৎ হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, যে সাতজনকে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তিনি বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরও অনেকেই জড়িত বলে তদন্তে এসেছে। শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। রাফিদাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।