অভিনন্দনের মিছিলে বাধা, ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের একাদশ শ্রেণির নতুন (নবীন) শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানানোর মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ রানা ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। ওই মিছিলে মো. সুজন ও কামরুলের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী বাধা দেন। ওই সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সুজনকে লাঞ্ছিত করা হয়। মিছিল শেষে দুপুর ১২টার দিকে বাউফল সদরের হাইস্কুল মার্কেটের একটি চায়ের দোকানের সামনে চা পান করার জন্য ইউসুফ তাঁর নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হন। ওই সময় সুজনকে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে তাঁর বড় ভাই প্রজন্ম লীগের সদস্য মো. মাহাবুবের নেতৃত্বে কয়েকজন ইউসুফসহ তাঁর লোকজনের ওপর হামলা চালান। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ইউসুফসহ ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ছয়জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইউসুফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম শামীম বলেন, ইউসুফের ডান চোখের ওপরের অংশে এবং পেছনের মেরুদণ্ডের ওপরে একাধিক আঘাত ও রক্তাক্ত জখম। এ কারণে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কলেজ সূত্র জানায়, ইউসুফসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ওরফে হাসানের পক্ষের। আর সুজন, কামরুলসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী উপজেলা ছাত্রলীগের একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির ওরফে নিশাতের পক্ষের। এ দুই পক্ষই পৃথক দুজন প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছয়ায় আছেন।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, ছাত্রদল থেকে আসা নব্য কয়েক ছাত্রলীগ কর্মী নিশাতের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা ইউসুফ ও সাইফুরসহ কয়েকজনকে আহত করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সামসুল কবির বলেন, ইউসুফ ও সাইফুরের নেতৃত্বে কয়েকজন তাঁর পক্ষের লোকজনের ওপর হামলা করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।