অভিনব কৌশলে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রের মুখে নয়, অভিনব কৌশলে টাকা ছিনতাইয়ের একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটির দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানতে পেরেছে, চক্রটির সদস্যরা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলতে বলতে কৌশলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। তাই টাকা তোলার পর অপরিচিত কারও সঙ্গে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে।

গত সোমবারের একটি ঘটনার বর্ণনা দিয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. ইয়াছিন কদমতলী ডিটি এলাকার পূবালী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে হেঁটে শুভপুর বাসস্ট্যান্ড এলাকার ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় এক যুবক এসে (ইবাদ আলী) সালাম দিয়ে তাঁর কাছে সোনালী ব্যাংকের শাখা কোথায় জিজ্ঞেস করতে থাকেন। সোনালী ব্যাংকের কোনো শাখা সেখানে নেই জানালে ইয়াছিনকে বলা হয়, তাঁর (যুবক) কাছে একটি ডলার আছে। এটি ভাঙাবেন কোথায়? এসব কথা বলতে না বলতেই সেখানে অটোরিকশায় করে হাজির হন আরও তিন যুবক। তাঁরা হলেন মো. তুফান, মহাজন ও ইয়ার হোসেন। এরপর ইয়াছিনের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশায় করে পালিয়ে যান চারজন। তবে ইয়ার হোসেন পরে জনতার হাতে ধরে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াছিন সদরঘাট থানায় মামলা করেন।

পুলিশ ইয়ার হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার নগরের কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তুফানকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে দুবার সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে তুফানকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি থানা-পুলিশ। কিন্তু তাঁর কাছে চাকু বা ছিনতাইয়ের কোনো সরঞ্জাম না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

অতিরিক্ত উপকমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়ার ও তুফান নগরের কদমতলী, ফ্রিপোর্ট, হালিশহর, মাদারবাড়িসহ ১০টি স্থানে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।