অভিনব কৌশলে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জামে মসজিদ সড়কে এক নারী ও এক পুরুষ ওয়াকিটকি হাতে দাঁড়িয়ে। কান ও গলায় স্বর্ণালংকার পরা এক নারীকে দেখেই এগিয়ে যান তাঁরা। ‘এক্সকিউজ মি ম্যাডাম। কথা ছিল। একটু সময় হবে?’

ওই দুজনের কাছ থেকে ভদ্রোচিত এমন বাক্য শুনে মুগ্ধ হয়ে যান পথচারী নারীটি। জানানো হয়, তাঁরা সরকারি একটি বিশেষ সংস্থার কর্মকর্তা। অসহায় মানুষদের বিনা সুদে ঋণ দেওয়া তাঁদের কাজ। তাঁদের এই সেবা প্রয়োজন আছে কি না, জিজ্ঞেস করতেই ওই নারী রাজি হয়ে যান। সামনেই অফিস। ঋণ পেতে হলে এখনই অফিসে যেতে হবে। তবে পরনে স্বর্ণালংকার দেখলে স্যার ঋণ দিতে রাজি হবেন না জানিয়ে খুলে দিতে বলেন। ঋণ পাওয়ার আশায় ওই নারী স্বর্ণালংকার তুলে দেন। পরে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাঁদের কাছ থেকে দুটি খেলনাজাতীয় ওয়াকিটকি ও দুটি মুঠোফোন জব্দ করে।

অভিনব কৌশলে ওই নারীর সঙ্গে প্রতারণার এ ঘটনা ঘটে গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার জামে মসজিদ সড়ক এলাকায়।

আটক দুজন হলেন নাসির উদ্দিন (৪৮) ও চায়না বেগম (৩৫)। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমলাকুটি এলাকার বাসিন্দা। সম্পর্কে স্বামী-স্ত্রী।

প্রতারিত হওয়া থেকে রক্ষা পাওয়া নারী হলেন ভৈরব পৌর শহরের রঘুনাথপুর গ্রামের মান্নান মিয়ার স্ত্রী শরীফা বেগম।

শরীফা বলেন, বিশেষ প্রয়োজনে তিনি ভৈরব বাজারে আসেন। ওই দুজনের হাতে ওয়াকিটকি দেখে তাঁদের আইনের লোক মনে হয়। তাঁরা জানান, গরিব মানুষের ঋণ-সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোই তাঁদের সংস্থার কাজ। টাকার প্রয়োজন ছিল, তাই তাঁদের কথায় রাজি হয়ে যান। পরে যখন তাঁকে পেছনে ফেলে স্বর্ণালংকার নিয়ে তাঁরা দুজন দ্রুত এগিয়ে যাচ্ছিলেন, তখন সন্দেহ হয়। এরপর তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে লোকজন এসে দুজনকে ধরে ফেলেন। তাঁরা এত সুন্দর ও বিশ্বাসযোগ্যভাবে কথা বলছিলেন, বিশ্বাস না রেখে উপায় ছিল না।

থানা হেফাজতে প্রতারণা পেশার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন নাসির ও চায়না। গ্রামের বাড়ি কসবার শিমলাকুটি এলাকায় হলেও তাঁরা বর্তমানে থাকেন ঢাকার বনানী এলাকায়। বিয়ের পর মূলত জীবন চালানোর প্রয়োজনে দুজন এই পেশায় নামেন। এর আগে চারজনের সঙ্গে একই কায়দায় প্রতারণা করে সফল হওয়ার কথা স্বীকার করেন তাঁরা। তাঁরা বলেন, তাঁদের প্রধান টার্গেট থাকে পথচারী ও গরিব নারী। ওই দুটি বিষয় পূরণ হলে তারপর নজর যায় গায়ে স্বর্ণালংকার আছে কি না। এসব শর্ত পূরণ হলে তারপর তাঁরা ঋণের প্রস্তাব দেন। তাঁদের ধারণা, গরিব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থ। সামান্য অর্থ পেতে বড় সুদ দিয়ে ঋণ নিতে হয়। সেই ক্ষেত্রে বিনা সুদে পাঁচ লাখ টাকার ঋণের প্রস্তাব পাওয়ার পর বেশির ভাগ নারী লোভে পড়ে যান। তখন তাঁদের পক্ষে সফল হওয়া সম্ভব হয়।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘এর আগে চারটি প্রতারণার ঘটনার কথা স্বীকার করলেও আমাদের ধারণা অসংখ্য ঘটনা ঘটিয়েছেন তাঁরা। ওই দুজনের বিরুদ্ধে শরীফা বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন। নাসির ও চায়নাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।