অভিনব কৌশলে সোনা আনলেন যাত্রী
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার অভিনব কৌশলে সোনা নিয়ে এসেছেন এক যাত্রী। কোমরের বেল্টের বকলেস ও ট্রলি ব্যাগের রডের মধ্যে ২৩টি সোনার বার টুকরো করে নিয়ে আসেন তিনি। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, আটক সোনার মূল্য ১৭ লাখ টাকা।
আজ শনিবার সকাল আটটার দিকে বিমান বাংলাদেশের বিজি ০৮৭ ফ্লাইটে ওই যাত্রী আসেন। তাঁর নাম মো. মাসুদ। বাড়ি বরিশাল জেলার কাউয়ারচরে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য, গ্রিন চ্যানেল পার হওয়ার আগে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করেন। সোনার ওজন ৩৭০ গ্রাম।
জিজ্ঞাসাবাদে মো. মাসুদ জানান, তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজ করেন। এক বছর পর দেশে এসেছেন। রফিক নামে তাঁর এক প্রতিবেশীর কাছে তিনি সেগুলো পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান। ভেতরে কী আছে তা জানতেন না।
এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।