অভিনব প্রতারণা...
নড়াইলের লোহাগড়ায় শীর্ষস্থানীয় ব্যবসায়ী পরিচয় দিয়ে এক ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীকে ফোন দেন। গাড়ির তেল ফুরিয়ে গেছে বলে টাকা চান। পরে লাপাত্তা হয়ে যান তিনি।
দেশের শীর্ষস্থানীয় এক ব্যবসায়ীর পরিচয় দিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। তাদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন নড়াইলের লোহাগড়া বাজারের এক ব্যবসায়ী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাতে তিনি লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রতারণার শিকার ওই ব্যবসায়ী বলেন, শনিবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি তাঁকে কল দেন। ওই ব্যক্তি নিজেকে দেশের শীর্ষস্থানীয় এক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। জানান, তিনি লোহাগড়ায় ত্রাণ বিতরণ করবেন। ত্রাণের কিছু মালামাল তাঁর কাছ থেকে কিনবেন। অল্প সময়ের মধ্যেই তিনি তাঁর দোকানে চলে আসছেন। এর কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে তিনি বলেন, তাঁর গাড়ির তেল ফুরিয়ে গেছে। সঙ্গে নগদ টাকা নেই। আর কার্ড দিয়েও পেট্রল পাম্প থেকে তেল নিতে পারছেন না। তাই একটি বিকাশ নম্বর দিয়ে তাতে ১৫ হাজার টাকা পাঠাতে বলেন। তখন তিনি ১০ হাজার টাকা পাঠান। কিন্তু ওই ব্যবসায়ী আর আসেননি। তাঁর নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
লোহাগড়া বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, গত কিছুদিন ধরে দেশের শীর্ষস্থানীয় এক ব্যবসায়ীর পরিচয় দিয়ে গাড়ির তেলের জন্য টাকা পাঠানোর অনুরোধ করছে ওই প্রতারকচক্র।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এই প্রতারকচক্রের সদস্যদের ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে।