অভিনয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর সদর উপজেলায় একটি শুটিং স্পটে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে পুলিশ নয় যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশালের আকবর হোসেন রাজিব ওরফে টাইগার রাজিব (২৮), নরসিংদীর আবুল কালাম আজাদ (৩০), চাঁদপুরের মো. আলম (২৮), চাঁপাইনবাবগঞ্জের ওমর ফারুক (২১), পাবনার রেন্টু (২০), ঝিনাইদহের জুম্মান (২৮), ময়মনসিংহের খলিল (২৯), কুমিল্লার হিমেল (২৫) ও নরসিংদীর শুভ (১৮)।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিষার তেলের বিজ্ঞাপনের ভিডিও চিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে রোববার বিকেলে এক তরুণীকে ঢাকা থেকে গাজীপুরে নিয়ে আসেন ওই নয় যুবক। তাঁরা গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের খতিব খামার বাড়ি শুটিং স্পটে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণী শুটিং স্পটের একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় টাইগার রাজিব ও আজাদ তাঁর কক্ষে ঢুকে ঘরের দরজা আটকে দেন। অন্যরা কক্ষের বাইরে অবস্থান করতে থাকেন। পরে রাজিব ও আজাদ সেখানে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার দিয়ে কৌশলে যুবকদের হাত থেকে নিজেকে রক্ষা করেন। পরে তিনি স্বজনদের মোবাইল ফোনে ঘটনাটি জানান। তাঁর স্বজনেরা পুলিশে জানালে রাত দুইটার দিকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় ওই নয় যুবককে আটক করে পুলিশ।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।