অভিভাবক নির্বাচনের ৩২৬ ভোটারের ৪৭ জনই ভুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্যপদে নির্বাচনের ভোটার তালিকায় ৩২৬ জন ভোটারের ৪৭ জনই ভুয়া চিহ্নিত করেছেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অভিভাবক সদস্য নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে অভিভাবকদের চূড়ান্ত ভোটার তালিকা তৈরি ও অনুমোদন দেওয়া হয় গত ১৪ অক্টোবর। ভোট গ্রহণের তারিখ ছিল ১ নভেম্বর। তালিকায় ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজকুল ইসলামের বিরুদ্ধে অভিভাবক নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দুই পক্ষের মধ্যে এ দিন হট্টগোল শুরু হয়। একপর্যায়ে প্রিসাইডিং কর্মকর্তা ওই দিন নির্বাচন স্থগিত করেন। পরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ তদন্ত করে ওই ভোটার তালিকায় ৩২৬ ভোটারের মধ্যে ৪৭টি ভুয়া ভোটার চিহ্নিত করেন।