চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার একটি বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে এক নির্মাণশ্রমিক অশোভন আচরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার অভিভাবকেরা ওই বিদ্যালয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে শনিবার পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত সোমবার সকালে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে নিয়োজিত এক শ্রমিকের বিরুদ্ধে এক ছাত্রীর পথরোধ করে অশোভন আচরণ করার চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে অভিভাবকেরা বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পুলিশ ও স্থানীয় দুই কাউন্সিলর বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ওই শিক্ষার্থী বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে শ্রমিককে তাড়িয়ে দেওয়া হয়।
ওসি জানান, ওই নির্মাণশ্রমিকের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিভাবকেরা তাঁদের কাছে মৌখিক অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অশোভন আচরণের অভিযোগে গতকাল বিকেলে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ খবর পেয়ে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ ও পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল ঘটনাস্থলে যান। তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে শনিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। দুই কাউন্সিলর জানান, আজ বুধবার এ ব্যাপারে বৈঠক হবে।
অশোক কুমার দাশ নামের এক অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের ঘটনাটি বিদ্যালয় কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করে। আমাদের কাছে মেয়েদের জীবনের নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকেরা বিক্ষোভ করেছেন।’
কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল ও হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, শনিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।