বরগুনার আমতলী উপজেলা শহরে গতকাল বুধবার এক কিশোরী আত্মহত্যা করেছে। মুঠোফোন চুরির অপবাদ দিয়ে মারধর করায় ক্ষোভে-অভিমানে সে এ কাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই কিশোরীর নাম সোনিয়া আক্তার (১২)। সে আমতলী পৌর শহরের মাজার সড়কের বেলাল হোসেনের মেয়ে। সে আমতলী এম ইউ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়াদের প্রতিবেশী লাইজু বেগম (৩০) ও তাঁর বোন তাসলিমা বেগমকে (৩৩) আটক করা হয়েছে।
থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোনিয়া গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশী লাইজু বেগমের বাড়িতে যায়। ওই দিন লাইজুর একটি মুঠোফোন হারিয়ে গেলে তিনি সোনিয়াকে সন্দেহ করেন। এ ব্যাপারে সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে মুঠোফোন নেওয়ার কথা অস্বীকার করে। গতকাল সকালে লাইজু আবার সোনিয়াকে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেন এবং একপর্যায়ে তাকে মারধর করেন। সোনিয়া বাড়ি ফিরে মারধরের ঘটনা তার মা সবিতা বেগমকে জানায়। সবিতা এ বিষয়ে জানতে লাইজুদের বাড়ি যান। এর কিছুক্ষণ পর ছোট বোন চাঁদনি বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে। পরে সে জানালা দিয়ে ঘরে ঢুকে সোনিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। স্থানীয় ব্যক্তিরা সোনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার আগে সোনিয়া মুঠোফোন চুরির ঘটনায় তাকে দেওয়া অপবাদের বর্ণনা দিয়ে মায়ের কাছে চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সোনিয়া উল্লেখ করে, ‘মা, বিশ্বাস করো, আমি মোবাইল চুরি করিনি। আমি মিথ্যা অপবাদ নিয়ে মারা গেলাম।’
সোনিয়ার মা সবিতা বেগম বলেন, ‘চুরির অপবাদে আমার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, সোনিয়া খুব শান্ত প্রকৃতির ও পড়াশোনায় ভালো ছিল। ওর মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।