অভিমানে দুই তরুণীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগে দুটি পৃথক ঘটনায় আজ বৃহস্পতিবার দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই দুই তরুণী হলেন সুরাইয়া আকতার (১৯) ও পিংকি (১৯)।

দুজনের পরিবারের দাবি, অভিমান করে সুরাইয়া ও পিংকি আত্মহত্যা করেছেন। এ ছাড়া খিলগাঁও ফ্লাইওভারে বাসের ধাক্কায় আয়েশা আকতার (৪০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

সুরাইয়ার মা রেনু বেগম সাংবাদিকদের বলেন, তাঁর মেয়ে সিটি কলেজের অর্নাসের ছাত্রী। দুপুরে সিটি কলেজের বিদায় অনুষ্ঠান যাওয়ার জন্য তৈরি হন সুরাইয়া। মেয়েকে অনুষ্ঠানে যাওয়া নিয়ে বকা দেন তিনি। এতে অভিমান করে গলায় ফাঁস দেন সুরাইয়া। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে মেয়েটিকে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া তিনটার দিকে সুরাইয়াকে মৃত ঘোষণা করেন। মেয়েটির বাবার নাম সাইদুর রহমান। এক ভাই, এক বোনের মধ্যে সুরাইয়া ছোট।

এদিকে রাজধানীর লালবাগের শহীদনগরের বাসায় আজ সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন পিংকি। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসকেরা পিংকিকে মৃত ঘোষণা করেন।

পিংকির আত্মীয় শাহ আলম প্রথম আলোকে বলেন, এক চাকরিজীবী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পিংকির। সকালে ওই তরুণের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। পরে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেন পিংকি।

এ ছাড়া সকালে সন্তানকে আনার জন্য মালিবাগ চৌধুরীপাড়া ফয়জুর রহমান স্কুল অ্যান্ড কলেজের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আবদুর রহিম ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। খিলগাঁও উড়াল সড়কে বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আবদুর রহিম ও আয়েশা গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। বেলা ১২টার দিকে আয়েশা মারা যান। তাঁর স্বামী রহিমের অবস্থাও আশঙ্কাজনক। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ওই তিনজনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।