অভিযান অব্যাহত আরও আটক ৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে আটক অভিযান অব্যাহত রয়েছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১০ জেলা থেকে ৬১ জনকে আটক করে পুলিশ ও যৌথ বাহিনী। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ এবং চলমান হরতালের মধ্যেই এসব ধরপাকড় চলছে।
সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থেকে নাশকতার অভিযোগে বিএনপির তিন নেতা এবং শিবিরের এক কর্মীকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদরে পেট্রলবোমা মেরে আটজনকে হত্যা মামলার আসামি রয়েছে।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুস সুবহানের রায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার রাতে বিক্ষোভ মিছিল করলে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রদল কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হককে (২৩) পুলিশ আটক করেছে।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, কাউন্সিলর হাবিবের বিরুদ্ধে নাশকতার সাত থেকে আটটি মামলা রয়েছে।
চট্টগ্রাম নগর ও জেলায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী জানান, বুধবার রাতে নগরের টাইগারপাস এলাকায় বাসে পেট্রলবোমা মারার অভিযোগে সদরঘাট থেকে শিবিরের ১২ কর্মীকে, চান্দগাঁও থানার পুলিশ জামায়াতের এক এবং বিএনপির দুই কর্মীকে, পাহাড়তলী থানা শিবিরের এক কর্মীকে ও খুলশী থানা বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পটিয়ার শাহগদী মার্কেট এলাকার একটি বাসা থেকে আরাফাত হোসেন নামে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাখীল ডিলারপাড়া এলাকার মো. মাহমুদুল হকের ছেলে।
চাঁদপুরে বিএনপি ও জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এঁদের আটক করা হয়।
(প্রথম আলোর প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি)