অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না চানখাঁরপুলের মাদক
পুরান ঢাকার কর্মব্যস্ত এলাকা চানখাঁরপুল। দিনের অধিকাংশ সময় ফুটপাত দিয়ে মানুষ হাঁটাচলা করে। সড়কেও চলে প্রচুর যানবাহন। কিন্তু এত ভিড়ের মধ্যে চলে মাদকের সেবন আর কেনাবেচা। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের পরনে থাকে অপরিচ্ছন্ন পোশাক, শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার চিহ্ন। দেখলে মনে হবে ছিন্নমূল মানুষ।
তাই এদের প্রতি মানবিক দৃষ্টিতে দিয়ে থাকে সাধারণ মানুষেরা। এই সুযোগের অপব্যবহার করে এখানে মাদক সেবন ও বিক্রি করে তারা। এমন অভিযোগ করে এলাকাবাসীর অনেকে জানান, এখানে প্রশাসনের নীরবতার কারণে এই অপতৎপরতা চলছে। তবে প্রশাসনের দাবি, প্রতি সপ্তাহে একবার এখানে অভিযান চালানো হয়।
দেখা গেছে, গাঁজা, ইয়াবা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন আর হেরোইন সেবন ও বিক্রি চলে চানখাঁরপুল থেকে নিমতলী এলাকা পর্যন্ত। ময়লা কুড়ানোর ব্যাগের আড়ালে এসব মাদক বেচাকেনা হয়। সকালবেলা ফুটপাতে ঘুমিয়ে থাকে ছিন্নমূল মানুষেরা। দুপুর বেলা এদের অনেকের হাতে ওঠে গাঁজা। চাহিদা বেশি থাকায় ওই সময় গাঁজাসেবীদের আনাগোনা বেশি থাকে। গাঁজার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। সময় গড়ানোর সঙ্গে ইয়াবা, হেরোইন ও ইনজেকশন বিক্রি শুরু হয়। রাত ঘনিয়ে এলে মাদক সেবনকারী ও ক্রেতাদের সংখ্যা বাড়তে থাকে। ছড়িয়ে ছিটিয়ে চলে তাঁদের মাদক-বাণিজ্য।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মাদকের চালান আসে ফুলবাড়িয়া, গুলিস্তান বাস টার্মিনালে। সেখান থেকে পাইকারি দরে কেনা এসব মাদক চলে আসে চানখাঁরপুলের খুচরা বিক্রেতাদের হাতে। শুধু ছিন্নমূল মানুষ নয়, আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানকার নিয়মিত ক্রেতা। অনেক ক্রেতা আবার ব্যক্তিগত গাড়িতে করে এসে মাদক কিনে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা আবিদুর রহমান বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হওয়ায় যান চলাচল বেড়েছে। ধারণা ছিল, এ জন্য মাদকের কেনাবেচা বন্ধ হবে। কিন্তু চিত্র এখন আগের মতোই। পুরুষের পাশাপাশি এই এলাকায় নারী ও উঠতি বয়সী ছেলেরা মাদক বিক্রি ও সেবন করে থাকে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করা হলেও এর সুরাহা হয়নি। বিভিন্ন সময় অভিযান চালানো হয়। কিন্তু অল্প সময় পর আবার সব আগের মতো হয়ে যায়।
মাদক সেবন ও বিক্রির তৎপরতা বন্ধে প্রায়ই অভিযান চালানোর কথা স্বীকার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা উত্তর) মোহাম্মদ খোরশিদ আলম। তিনি বলেন, প্রতি সপ্তাহে অন্তত একবার মাদক ব্যবসা ও সেবীদের উচ্ছেদে অভিযান চলে। এ কারণে এদের তৎপরতা কমে গেছে।
তবে নাম প্রকাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মাদক কেনাবেচা হয় বলেই প্রতি সপ্তাহে অভিযান চালানো হয়। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় উচ্ছেদ করা যায় না।