অভিযানও চলছে, মাদকও বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • মাদক বিক্রি হয় ৫০টি স্থানে
  • আড়াই মাসে উপজেলার দুই থানায় মাদকের মামলা ২৪৭টি
  • গ্রেপ্তার ৩১০ জন
  • মাদকবিরোধী অভিযান শুরুর পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টিনশেড ঘরটির নিচে কয়েকজন যুবক দাঁড়িয়ে, ওপরে চালায় বসে আছেন একজন। আশপাশের বাড়িগুলো এমনভাবে গড়ে উঠেছে যে দূর থেকে টিনের
চালায় থাকা লোকটিকে দেখা যাচ্ছে না। নিচে দাঁড়িয়ে থাকা যুবকদের একজন হাতের ইশারা করতেই চাল থেকে রশি নেমে এল, তাতে বাঁধা টিনের কৌটা। নিচে থাকা লোকেরা কৌটায় কিছু একটা ভরে দিতেই সেটা ওপরে উঠে গেল। এ দৃশ্য বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের বাঁশপট্টি এলাকার।

এভাবে কেন কৌটা ওঠানামা করছে? স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, টিনের চালায় থাকা ব্যক্তি মাদক ব্যবসায়ী, আর নিচের লোকেরা মাদকসেবী। টিনের কৌটায় ভরে গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে। এ দৃশ্য শুধু বাঁশপট্টি এলাকার নয়, কেরানীগঞ্জের অনেক স্থানে এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি হয়।

এলাকার লোকজন বলেন, মাদকবিরোধী অভিযান শুরুর পর ১২ জুলাই ভোরে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কোনাখোলা সড়ক এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে নুরু নিহত হয়েছেন। তারপরও মাদক ব্যবসা বন্ধ হয়নি। এখন মাদকবিরোধী অভিযানও চলছে, ব্যবসাও চলছে।

থানা-পুলিশের হিসাব অনুসারে উপজেলার ১২টি ইউনিয়নে অন্তত ৫০টি স্থানে মাদক বিক্রি হয়। সবচেয়ে বেশি বিক্রি হয় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের জিয়ানগরে।

শাক্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন লিটন প্রথম আলোকে বলেন, ‘মাদকসম্রাট’ নুরু বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর তাঁর ভাই আলী এখন জিয়ানগর এলাকায় মাদক ব্যবসা করছেন। ব্যবসা আর বন্ধ হচ্ছে না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগের চেয়ে পরিস্থিতি কিছুটা ভালো, তারপরও তিনি সন্তুষ্ট নন। কারণ, মাদকের উৎস বন্ধ হচ্ছে না। থানা-পুলিশ জানিয়েছে, গত আড়াই মাসে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪০টি মামলা হয়েছে। ১৮০ জনকে আটক করা হয়েছে। আর কেরানীগঞ্জ মডেল থানায় গত আড়াই মাসে মামলা হয়েছে ১০৭টি। আটক করা হয়েছে ১৩০ জনকে।

স্থানীয় লোকজন জানান, আগানগর এলাকায় ইয়াবা ও মদ বিক্রি করেন হানিফ, কৃষ্ণা ও কানা বাবুল। সাজ্জাদ ও আরমান দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে হেরোইন ও প্যাথেডিন বিক্রি করেন। শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় আলী হোসেন ইয়াবা ও গাঁজা, ইস্পাহানি নাগর মহল এলাকায় হাফিজ উদ্দিন, দীন ইসলাম ওরফে দিনা, আল আমিন ও আলী মিয়া ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করেন। ইকুরিয়া এলাকায় শরিফ হোসেন ও জরিপ মিয়া ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করেন। হাসনাবাদ এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করেন ইয়াসমিন। সিরাজনগর এলাকায় কিয়ামুদ্দিন বিক্রি করেন গাঁজা, কবির হোসেন হযরতপুর এলাকায় বিক্রি করেন ইয়াবা ও ফেনসিডিল। কলাতিয়া ইউনিয়নের সৈয়দপুর এলাকায় দুলাল মিয়া বিক্রি করেন গাঁজা ও মদ। মিঠাপুর এলাকায় নুরুল ওরফে নুরু মদ বিক্রি করেন। আর ফতেহনগর এলাকায় মনির হোসেন বিক্রি করেন গাঁজা ও দেশি মদ।

আগানগর এলাকার বাসিন্দা বিশাল হোসেন বলেন, প্রতিদিন সন্ধ্যার পর বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে বেড়িবাঁধ এলাকা ও ইমাম বাড়ি কবরস্থান সড়কে ইয়াবা, হেরোইন, গাঁজা ও প্যাথেডিন বিক্রি করা হয়।

জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকার বাসিন্দা শুক্কুর আলী তালুকদার প্রথম আলোকে বলেন, শহীদ মিনার সড়ক ও বিদ্যুতের পাওয়ার হাউসের পেছনে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি হয়। মাদকসেবীরা মাদক ব্যবসায়ীদের মুঠোফোনে কল দিলে সংকেত অনুযায়ী নির্দিষ্ট জায়গায় মাদক পৌঁছে যায়।

তারানগর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে, বিক্রি আর বন্ধ হচ্ছে না।

এলাকার বাসিন্দারা জানান, আন্তজেলা মাদক বিক্রেতারা কেরানীগঞ্জকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। খুলনা থেকে সড়কপথে কেরানীগঞ্জে ফেনসিডিল আসছে। আর নদী ও স্থলপথে ইয়াবা আসছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার প্রথম আলোকে বলেন, ‘কোন কোন স্পটে মাদক বিক্রি হচ্ছে, সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভাসমান কিছু স্পট থাকতে পারে যেখান থেকে মোবাইল ফোন বা অন্য কোনো মাধ্যমে মাদক বিক্রি হতে পারে।’