সরকারি ওষুধ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রিসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রামে ‘জয় ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নগরের কোতোয়ালি থানাধীন এয়াকুবনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, সরকারি ওষুধ বিক্রির জন্য দোকানটিকে এর আগেও জরিমানা করা হয়েছিল। সরকারি ওষুধ বাইরে বেচাকেনা অপরাধ। কিন্তু তারপরও তাঁরা এ কাজ বন্ধ করেননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জিজ্ঞাসাবাদে মালিক জানিয়েছেন, বেশি লাভের আশায় হাজারী গলি থেকে কম দামে সরকারি ওষুধ কিনে বিক্রি করেন তাঁরা। দোকানটির লাইসেন্সের মেয়াদও অনেক আগে শেষ হয়ে গেছে। বিভিন্ন অনিয়ম পাওয়ায় দোকানমালিক নেপাল বিশ্বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।