অভিযানে চরাঞ্চলে পুরুষদের দেখা যায়নি: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযান শেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ফিরছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো
অভিযান শেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ফিরছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো

জঙ্গি তৎপরতা রোধে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শেষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে কোনো জঙ্গি আটক হয়নি। কিছু উদ্ধার হয়নি।

অভিযান চলাকালে চরাঞ্চলের গ্রামগুলোতে পুরুষদের দেখা যায়নি বলে জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. মইনুল হক।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭০ জন সদস্য। সকাল ১০টার দিকে অভিযান শেষ হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে এই অভিযানে জেলা কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।

যমুনা নদীবেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন চরে অভিযান চলে।

অভিযান শেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ফিরছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো
অভিযান শেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ফিরছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নৌ-ডাকাতি প্রতিরোধ এবং জঙ্গি তৎপরতা রোধে এই অভিযান চালানো হয়। অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চরাঞ্চলের গ্রামগুলোতে গিয়ে পুরুষদের দেখা যায়নি। গাইবান্ধা জেলার নদীবেষ্টিত উপজেলাগুলোয় এই অভিযান নিয়মিত চলবে।

গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলায় কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের বিভিন্ন চরে আট ঘণ্টা অভিযান পরিচালনা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি। একজন নৌ-ডাকাত গ্রেপ্তার হন।

গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরের বিভিন্ন এলাকায় কয়েক দফায় অভিযান চালান। এসব অভিযানে কয়েকটি অস্ত্র ছাড়া আর কিছু উদ্ধার হয়নি।