অভিযানেও থেমে নেই ইলিশ শিকার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা ও হরিরামপুরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ রক্ষায় অভিযান চালাচ্ছে প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেদের জেল ও জরিমানা করা হচ্ছে। তবু ইলিশ শিকার বন্ধ হচ্ছে না।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিবালয় ও দৌলতপুর উপজেলায় যমুনা এবং হরিরামপুরের ওপর দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। দৌলতপুরের চর কাটারি এলাকা থেকে হরিরামপুরের মালুচি পর্যন্ত নদী দুটির প্রায় ৪৫ কিলোমিটার এলাকা ইলিশ প্রজননের জন্য চিহ্নিত করা হয়েছে। গত শুক্র, শনি ও রোববার পদ্মা ও যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। তবু থামছে না ইলিশ ধরা।
স্থানীয় জেলে ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, জেলায় মৎস্য বিভাগের তালিকাভুক্ত জেলের সংখ্যা সাড়ে নয় হাজার। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি। এর মধ্যে দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের যমুনা ও পদ্মাতীরবর্তী ২ হাজার ৩৩৬ জেলেকে সহায়তা দেওয়া হয়। গত মার্চ থেকে জুন পর্যন্ত চার মাস এ জেলেদের ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে নদীতীরবর্তী জেলেদের ক্ষতিপূরণ হিসেবে চাল দেওয়ার প্রস্তাব থাকলেও কোনো সহায়তা দেওয়া হয়নি। এ কারণে অভাবী জেলে ছাড়াও এক শ্রেণির অসাধু মৎস্যজীবী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার করছেন।
হরিরামপুরের মালুচি গ্রামের এক জেলে বলেন, ‘মাছ না ধরলে বউ ও ছেলে-মেয়েগো নিয়া কী খামু। তাই মাঝেমধ্যে গোপনে মাছ ধরব্যার লেইগ্যা নদীতে জাল পাতি।’
শিবালয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আকতার হোসেন বলেন, জেলেরা দিন আনে দিন খায়। কোনো জেলে এক দিন বসে থাকলে তাঁর সংসার চলে না। সরকারি সহায়তা পেলে জেলেরা মাছ ধরতে যাবেন না। তবে সরকারি নিষেধাজ্ঞাও অবশ্যই তাঁদের মেনে চলা উচিত।
জেলা মৎস্য কর্মকর্তা নূরতাজুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মানিকগঞ্জসহ দেশের ২৭ জেলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ ২২ দিন ইলিশ ধরা, বিপণন, সরবরাহ ও মজুত নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা জারির পর থেকেই পুলিশের সহযোগিতায় প্রশাসন ও মৎস্য বিভাগের লোকজন নদীতে নিয়মিত টহল দিচ্ছেন। প্রতিদিনই নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের সাজা ও জরিমানা করা হচ্ছে। তিনি বলেন, বছরের অন্যান্য সময়ে মৎস্য বিভাগে নিবন্ধিত জেলেদের চাল দেওয়া হলেও নিষেধাজ্ঞার এ ২২ দিনে কোনো বরাদ্দ পাওয়া যায়নি।