বৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হবে এমন খবর শুনেই ঘরে তালা দিয়ে পালিয়ে যান বাসিন্দারা। পরে তালা ভেঙে ৩০টি ঘরের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চট্টগ্রাম নগরের ফিরোজশাহ কলোনির নাচিয়াঘোনা এলাকায় গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
পিডিবির সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, পাহাড়ের পাদদেশে কাঁচা ও আধাপাকা ঘর নির্মাণ করে সেখানে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গাড়ি ও লোকজন নিয়ে ওই এলাকায় যাওয়ার খবর পেয়ে বাসিন্দারা সবাই তালা দিয়ে পালিয়ে যান। তালা ভেঙে অবৈধ সংযোগ শনাক্ত করে ৩০টি ঘরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে অন্তত ২৫টি বসতঘর। অন্যগুলোতে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া হয়।