অভিযানের দেড় ঘণ্টার মধ্যে আবারও দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুর সাড়ে ১২টা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানের মধ্যে গুলিস্তান এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে চৌকিসহ বিভিন্ন সামগ্রী (বাঁয়ে)। এ অভিযানের মাত্র দেড় ঘণ্টার মধ্যেই এখানকার দৃশ্য ফিরে যায় আগের অবস্থায় (ডানে)। ফুটপাত ও সড়ক দখল করে যথারীতি পসরা সাজিয়ে বসেন হকাররা l ছবি: প্রথম আলো
গতকাল দুপুর সাড়ে ১২টা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানের মধ্যে গুলিস্তান এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে চৌকিসহ বিভিন্ন সামগ্রী (বাঁয়ে)। এ অভিযানের মাত্র দেড় ঘণ্টার মধ্যেই এখানকার দৃশ্য ফিরে যায় আগের অবস্থায় (ডানে)। ফুটপাত ও সড়ক দখল করে যথারীতি পসরা সাজিয়ে বসেন হকাররা l ছবি: প্রথম আলো

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদের মাত্র দেড় ঘণ্টার মধ্যে আবারও তাঁরা সেখানে দোকান বসিয়েছেন। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায়।
গুলিস্তান সিনেমা হল-সংলগ্ন বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও গুলিস্তান থেকে নবাবপুরের দিকের সড়কগুলোতে উচ্ছেদ অভিযান শুরু হয় বেলা সাড়ে ১১টায়। দুপুর পৌনে ১২টার দিকে ডিএসসিসির সম্পত্তি বিভাগের কর্মীরা মাইক হাতে সড়ক ও ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসা হকারদের সরে যেতে বলছিলেন। কয়েকজন হকার পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন।
যদিও পূর্বনির্ধারিত এ অভিযানের কথা হকাররা আগেই জানতেন। তাই উঠে যেতে বেঁধে দেওয়া এক ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ বেলা একটার আগেই তাঁরা ফুটপাত ও সড়ক থেকে অস্থায়ী দোকান সরিয়ে নেন। ছোট ছোট সব চৌকি হকাররা দ্রুত সরিয়ে ফেলেন। হকারদের প্রতিবাদ ও কোনো বাধা ছাড়াই দুপুরের মধ্যেই করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদের নেতৃত্বে অভিযানটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
দখলমুক্ত হওয়ার সুবিধাও পাচ্ছিলেন এসব এলাকা দিয়ে চলাচলরত সাধারণ মানুষেরা। হাঁটার জন্য সড়কে নেমে আসতে হচ্ছিল না তাদের। গোলাপ শাহ মাজার-সংলগ্ন সড়ক এবং স্টেডিয়াম-সংলগ্ন সড়কে যান চলাচলের গতিও কিছুটা বেড়েছিল। ট্রাফিক কনস্টেবল মনোয়ার বলেন, দখল না থাকলে যানবাহন নিয়ন্ত্রণ সহজ হয়। গাড়িগুলোও দ্রুত চলাচল করতে পারে। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘দেখেন কত দিন থাকে এই অবস্থা।’
পুলিশ কনস্টেবলের শঙ্কা সত্যি হলো খুব দ্রুতই। অভিযান শেষ করে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা ওই এলাকা ত্যাগ করার মাত্র দেড় ঘণ্টার মধ্যে আবারও সড়ক ও ফুটপাতগুলো দখল শুরু হয়। বেলা সাড়ে তিনটার মধ্যে অনেকটাই হকারদের দখলে চলে যায়। বিকেল চারটার পর গুলিস্তান এলাকার চিত্র আগেই মতো হয়ে যায়।
অথচ এবার অনেক প্রস্তুতি ও আলোচনার পর ঢাকার সড়ক, ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেয় ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন। নতুন দুই মেয়রই বলেছিলেন, এবার স্থায়ীভাবে দখলমুক্ত করা হবে। উচ্ছেদের পর আবার দখল বন্ধ করা হবে। গত ২৮ মে দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এক সভায় মেয়র আনিসুল হক এবং মেয়র সাঈদ খোকনের প্রস্তাবে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। সভায় গতকাল গুলিস্তান এলাকা দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এ ছাড়া ১২ জুন ফার্মগেট ও ১ জুলাই থেকে পর্যায়ক্রমে সারা ঢাকায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান শুরুর সময় দ্রুত কাঠের চৌকি ও মালামাল সরিয়ে নিতে দেখা যায় রাসেল নামের এক হকারকে। বিকেলে গিয়ে দেখা গেল রাসেল আবার সেখানেই চৌকিতে জুতার পসরা সাজিয়ে বসে আছেন। এ প্রতিবেদককে দেখে হেসে বলেন, ‘আবার বসে পড়লাম।’ তাহলে চলে গেলেন কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘করপোরেশনের লোকেরা যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো। নেতারা আগেই বলেছিল, অভিযান শুরু হলে সরে যেতে। চলে গেলে আবার এসে বসতে।’
অভিযানের এমন অবস্থা নিয়ে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাই কথা বলতে চাননি। নাম না প্রকাশের শর্তে করপোরেশনের সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা ও পুলিশ সহায়তা না করলে এ ধরনের অভিযান চালিয়ে লাভ হবে না। করপোরেশনের পক্ষে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব, কিন্তু সেখানে সার্বক্ষণিক অবস্থান করে হকারদের বসতে বাধা দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই।
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে মেয়র সাঈদ খোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। অবশ্য গত রোববার প্রথম আলোকে তিনি বলেছিলেন, আলাপ-আলোচনার মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ করা হবে। অভিযান চলতে থাকবে।
বাংলাদেশ হকার্স ইউনিয়ন এক বিবৃতিতে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্বেগ: পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থা না করে রাজধানীর সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। গতকাল সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এতে হকারদের জীবন ও জীবিকার ওপর প্রভাব পড়বে।