র্যাবের অভিযানের পরও টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজি থামেনি। ঈদ বকশিশের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের লোকজন চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চাঁদাবাজি থেকে রেহাই পেতে রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা গতকাল সোমবার আবারও র্যাব-১০-এর কাছে অভিযোগ করেছেন। অভিযুক্ত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতা ময়নুল হক ওরফে মঞ্জু নিউ রাজধানী ও রাজধানী দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি।
এর আগে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে র্যাব-১০-এর একটি দল রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির সময় হাতেনাতে ১১ জনকে আটক করলেও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে সানাউল করিম ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র। তিনি যুবলীগের বহিষ্কৃত নেতা রেজাউল করিমের ছোট ভাই।
চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে রেজাউল করিমকে গত রোববার সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তিনি রাজধানী সুপার মার্কেটের মালিক সমিতির স্বঘোষিত সাধারণ সম্পাদক। অবশ্য কাউন্সিলর ময়নুল হক এখনো মহানগর আওয়ামী লীগের কমিটিতে বহাল আছেন।
গতকাল দুপুরে ওই বিপণিবিতানে গেলে কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আগে বিদ্যুৎ বিল, মার্কেটের নিরাপত্তাকর্মী ও জেনারেটরের খরচের নামে চাঁদাবাজি হলেও ময়নুল হক এখন তাঁর লোকজন দিয়ে ঈদ বকশিশের নামে চাঁদাবাজি করাচ্ছেন। চাঁদাবাজেরা এসে বলে, চাঁদার টাকা দুই মন্ত্রী ও থানা-পুলিশকে দিতে হবে। ভয়ে তাঁরা টাকা দিতে বাধ্য হচ্ছেন।
কয়েকজন ব্যবসায়ী বলেন, এখানে ১ হাজার ৭৮৮টি দোকান আছে। এসব দোকান থেকে ময়নুলের সহযোগী আলী হোসেন, সাইদুল, কামাল ও আজিজ চাঁদার টাকা তোলেন।
বিপণিবিতানের প্রবেশপথ ও ফুটপাতে ছোট ছোট দেড় শতাধিক টেবিল বা চৌকি বসানো হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের কয়েকজন অভিযোগ করেন, একেকটি চৌকি থেকে প্রতিদিন এক হাজার টাকা ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা করে চাঁদা তোলা হয়। টাকা না দিলে তাঁদের বসতে দেওয়া হয় না। প্রতিদিন বিকেলে ময়নুলের লোকজন এসে চাঁদা নিয়ে যায়। গত রোববারও তাঁরা চাঁদা দিয়েছেন।
তবে গতকাল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাব-১০-এর পরিচালকের রাজধানী সুপার মার্কেট পরিদর্শনের কথা শুনে ফুটপাতের চৌকিগুলো পাশের উড়ালসড়কের নিচে রাখা হয়।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজধানী সুপার মার্কেটের চাঁদাবাজির ঘটনা অভ্যন্তরীণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপণিবিতানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া : ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী সুপার মার্কেটের ৫২ লাখ ৫০ হাজার ২২৩ টাকার বিদ্যুৎ বিল এখনো বকেয়া রয়েছে। ডিপিডিসির সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ওই বিপণিবিতানে প্রতি মাসে ১৩ লাখ টাকার বিদ্যুৎ বিল হয়।
তবে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিল, দারোয়ান ও জেনারেটর খরচের নামে প্রত্যেক মাসে আড়াই কোটি টাকা চাঁদাবাজি করছে দোকান মালিক সমিতির স্বঘোষিত নেতারা।
জানতে চাইলে ময়নুল হক বলেন, র্যাবের অভিযানের পর তাঁর লোকজন ওই মার্কেটে যায়নি। বিদ্যুৎ বিল বকেয়া সম্পর্কে তিনি বলেন, বিদ্যুতের বকেয়া এত টাকা থাকার কথা নয়। ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
র্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, মার্কেটে র্যাবের নজরদারি রয়েছে। সেখানে কেউ চাঁদাবাজি করতে গেলে তাদের ধরা হবে।