অভিযানের মধ্যে কীভাবে হামলা তা এখনো স্পষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে নিরাপত্তাবলয়ের মধ্যে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনাটি হামলা নাকি পেতে রাখা বোমা, তা স্পষ্ট হয়নি।
তবে শনিবার সিলেটে বিস্ফোরিত ওই বোমার সঙ্গে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে উদ্ধার করা বোমা ও বিস্ফোরকের মিল রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা। এ ছাড়া আতিয়া মহলের কাছে জঙ্গিদের আরেকটি আস্তানা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের পর নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই এক ঘণ্টার ব্যবধান পরপর দুটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত ও ৪৪ জন আহত হন।
গতকাল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সেই বিস্ফোরণের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তাজুড়ে ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে। রাস্তার একপাশে মাটিতে গর্তের মতো হয়ে রয়েছে। রাস্তার পাশের নিচু সংযোগ সড়কটিতে শুকিয়ে কালচে হয়ে রয়েছে রক্তের ধারা। পড়ে আছে সাংবাদিকদের ক্যামেরার লেন্স ক্যাপ, পুলিশের হেলমেটের ভাঙা অংশ। জায়গাটি হলুদ ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে। তদন্তকারীদের গতকাল বিকেলেও সেখান থেকে আলামত সংগ্রহ করতে দেখা যায়।
অভিযানের নিরাপত্তাবলয়ের মধ্যে এ রকম রক্তক্ষয়ী বিস্ফোরণে কারও গাফিলতি দেখছেন কি না, জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘অভিযানস্থলের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল না। আমরা চেষ্টা করেছি। যে যার কাজ করেছি।’
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, ৭ মার্চ কুমিল্লায় জঙ্গিদের কাছে যে বোমা পাওয়া গিয়েছিল, সিলেটে বিস্ফোরিত বোমাগুলো একই ধরনের। কুমিল্লার ওই দুই জঙ্গির তথ্য অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একই ধরনের বোমা ও বিস্ফোরক উদ্ধার হয়। সীতাকুণ্ডের অভিযানের সময় জঙ্গিরা কিছু শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। সীতাকুণ্ডে গ্রেপ্তার হওয়া জঙ্গি দম্পতির তথ্যসূত্র ধরেই সিলেটের আস্তানাটির সন্ধান পায় পুলিশ।
বোমা বিশেষজ্ঞ পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জঙ্গিদের তৈরি গ্রেনেড বা বোমায় সাধারণত একটি সেফটি পিন ও একটি লিভার থাকে। পিন খুলে ছেড়ে দিলেই স্প্রিংয়ের চাপে লিভারটা খুলে গিয়ে বৈদ্যুতিকভাবে ডেটোনেট হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বোমাটি বিস্ফোরিত হয়। হাতে তৈরি গ্রেনেডের ক্ষেত্রে কখনো কখনো লিভার ঠিকমতো খোলে না। সাধারণত খোলাবাজার থেকে স্প্রিং বা অন্য উপাদান কিনে ঘষেমেজে এগুলো তৈরি করা হয়। তাই পিন খোলার পরে অনেক সময় লিভার আটকে যায়। পিন খোলা এ ধরনের বোমা খুবই বিপজ্জনক। যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। এ ধরনের বোমা বিস্ফোরণের পর সেটাকে টাইম বোমা মনে করেন অনেকে। হলি আর্টিজানে হামলার পরে এ রকম পিন খোলা অবিস্ফোরিত বোমা পাওয়া গিয়েছিল। ২০১৫ সালের অক্টোবরে ঢাকার হোসেনি দালানে জঙ্গি হামলায় পাঁচটি গ্রেনেড ছোড়া হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়নি। এর একটির পিন খোলা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সিলেটের ক্ষেত্রে এ ধরনের বোমাই কেউ ছুড়েছিলেন। ভিড় ও অন্ধকারের মধ্যে প্রথমটি কীভাবে বিস্ফোরিত হয়েছিল, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় বিস্ফোরণের বিষয়ে ধারণা, গ্রেনেডটির পিন খুলে ছুড়ে দেওয়ার পর সেটির লিভার আটকে যায়, ফলে সেটি তাৎক্ষণিক বিস্ফোরিত হয়নি। কিছুক্ষণ পরে বিস্ফোরিত হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, এক থেকে দেড় হাজার মানুষের মধ্যে অন্ধকারে বিস্ফোরণটা ঘটেছে। তাই কীভাবে হামলা হয়েছে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। হতাহতদের আত্মীয়-স্বজনকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে, কী কারণে কেন ওই এলাকায় তাঁরা গেলেন, সেসব খতিয়ে দেখা হচ্ছে।
হামলায় নিহত ব্যক্তিদের কয়েকজনের শরীর বহু জখমে ঝাঁঝরা হয়ে গিয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই দুই দফা বিস্ফোরণের বিষয়ে এখনো অন্ধকারে রয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তার ধারণা, জঙ্গিরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে সুযোগ বুঝে এ হামলা করেছে। আতিয়া মহলে অবস্থিত জঙ্গিদের সঙ্গে বাইরের এসব জঙ্গির যোগসূত্রও নিশ্চয়ই রয়েছে। তাঁদের ধারণা, আতিয়া মহলের আশপাশে কোনো জঙ্গি আস্তানা রয়েছে। পুলিশ সেটি খুঁজে বের করার চেষ্টা করছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ পুরো ঘটনাটি এখনো অনুসন্ধান করে দেখছে। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।’