টানা ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁদের ফাঁকি দিয়ে দলটির প্রধানসহ দুজন কৌশলে পালিয়ে গেছে। ঘটনার তিন দিন পরেও তাদের গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার দিবাগত রাতে মিরপুর ১ নম্বর সেকশনের এ ব্লকের ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ওই বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন ডিবির একাধিক সদস্য। তবে রাতে অভিযানের সময় বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় দলনেতা মোস্তাফিজার রহমান ওরফে মোস্তাক ওরফে শাকিল ওরফে নজরুল ইসলাম এবং সোহেল রানা ওরফে হিরুন ওরফে কামাল কৌশলে পালিয়ে যায়।
পলাতক দুই আসামি সম্পর্কে ডিবির বোমা অপসারণ ও নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন গত শুক্রবার গণমাধ্যমকে বলেন, মোস্তাফিজার মিরপুরে গ্রেপ্তার হওয়া জেএমবির দলটির প্রধান এবং সোহেল জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার। হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাত ওরফে মাহফুজ সোহেল গত ২৫ নভেম্বর মিরপুরের গাবতলীতে বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর সামরিক কমান্ডারের দায়িত্ব পায় সোহেল।
গত বৃহস্পতিবার মিরপুরের ছয়তলা ওই বাড়ি থেকে হাতে তৈরি ১৬টি গ্রেনেড ও দুটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহ আলী থানায় একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, ইলিয়াস ওরফে ওমর ফারুক ও মোহসীন আলী ওরফে রুবেলকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ডিবির কর্মকর্তারা।
আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, ঢাকার মিরপুর এলাকায় জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্য মোহসীন আলীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমর গ্রামে। সে মাদ্রাসায় পড়াশোনা করেছে। গতকাল তার মা মুন্নুজান জানান, স্থানীয় মাদ্রাসা থেকে মোহসীন আলিম পাস করে ঢাকায় চলে যায়। মাঝেমধ্যে মুঠোফোনে যোগাযোগ করত। সে বাড়ি থেকে কোনো টাকাপয়সা নিত না বলে তিনি জানান।
ডিবি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন, মিরপুরের এই বাড়িটি ছিল জেএমবির কমান্ডিং সেন্টার। এই কমান্ডিং সেন্টার থেকে দেশের বিভিন্ন স্থানে হামলার নির্দেশনা দেওয়া হতো। এই নির্দেশনা অনুযায়ী দেশের উত্তরাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি স্থানে বোমা হামলা চালানো হয়। জেএমবির একই ধরনের কমান্ডিং সেন্টার চট্টগ্রাম জেলায়ও রয়েছে বলে জানা গেছে।
এর আগে এডিসি ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাড়িটিতে গ্রেনেড তৈরির পাশাপাশি সেটি জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। ওই বাড়ি থেকেই চলমান জঙ্গি কর্মকাণ্ডের গ্রেনেড ও বোমা সরবরাহ করা হচ্ছিল।
তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পর ঢাকায় ডিবির কর্মকর্তারা বলেন, ওই বাড়িতে এখন পর্যন্ত ৮ থেকে ১০ জনকে বোমা ও গ্রেনেড বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মিরপুরের বাড়ি থেকে গ্রেনেড, বোমা ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ গ্রেনেড তৈরির বেশ কিছু নির্দেশিকা (ম্যানুয়াল) পাওয়া গেছে। এই নির্দেশিকা অনুযায়ী পাইপ কেটে ঘরে বসে জঙ্গিরা তৈরি করছিল হাতে তৈরি গ্রেনেড।
গ্রেনেড তৈরি কিংবা জঙ্গি প্রশিক্ষণ সম্পর্কে মিরপুরের ওই বাড়ির বাসিন্দা কিংবা আশপাশের লোকজনের কাছে সবই অজানা। বছর দুয়েক আগে এক ডেভেলপার কোম্পানিকে দিয়ে ছয়তলা ভবন তৈরির কাজ শুরু করেন মালিক আবুল হোসেন ভূঁইয়া। ভবন তৈরির কাজ শেষ হলে দোতলায় বসবাস শুরু করেন তিনি। ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটেরও মালিক আবুল হোসেন ভূঁইয়া। এ দুটি ফ্ল্যাট মেস হিসেবে ভাড়া দেওয়া হয়। এর মধ্যে তিন মাস আগে ছাত্র হিসেবে ষষ্ঠ তলার পেছনের ফ্ল্যাটটি ভাড়া নেয় জঙ্গিরা।
বাড়ির মালিকের ছেলে বলেছিলেন, তাঁরা ওই জঙ্গিদের ভাড়া দেওয়ার সময় তেমন কোনো তথ্য রাখেননি। জঙ্গিরা ছাত্র পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিল।
অভিযানের পর বাড়িটির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ফিরে এসেছেন। তবে ষষ্ঠ তলার যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়, সেটি খোলা অবস্থায় রয়েছে। এর সামনের ফ্ল্যাটটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এই ফ্ল্যাট থেকে নাহিদ, কামাল, মামুন ও রেজা নামের চার ছাত্রকে আটক করে ডিবি পুলিশ। তাঁদের দুজন মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন ব্যবসায়ী, আরেকজন তাঁর আত্মীয়ের কাছে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। তবে এই চারজন সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি পুলিশের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, ডিবি জিজ্ঞাসাবাদের জন্য কাদের আটক করেছে, তা জানা নেই।