অভিযুক্ত আনসার সদস্য ধরা পড়েননি, অস্ত্র-গুলি উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল শুক্রবার গুলিতে এক আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সহকর্মী রফিকুল ইসলাম আজ শনিবার দুপুর পর্যন্ত ধরা পড়েননি। তবে অভিযুক্ত আনসার সদস্যের নিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে দীঘিনালার আলীনগর এলাকার আমিরের টিলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেল ও ৮০টি গুলি উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে। পলাতক আনসার সদস্য রফিকুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
দীঘিনালায় গতকাল গুলিতে আনসারের নায়েক আমির হোসেন (৫৫) নিহত হন। ঘটনার পর অভিযুক্ত আনসার সদস্য রফিকুল রাইফেল ও গুলি নিয়ে পালিয়ে যান। উপজেলার কবাখালী ইউনিয়নের আলীনগর এলাকার চৌধুরী টিলায় ৩৪ নম্বর অঙ্গীভূত আনসার পোস্টে এ ঘটনা ঘটে।
আনসার সূত্রের ভাষ্যমতে, রফিকুলের গুলিতে আমির নিহত হয়েছেন।