অভিযুক্ত এসআইকে মাদকাসক্ত বলছেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত শিল্প পুলিশের উপপরিদর্শককে (এসআই) মাদকাসক্ত বলছেন খোদ বাহিনীর কর্মকর্তারাই। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বিষয়টির তদন্তে কোনো কমিটিও করা হয়নি।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জুবিলী রোড এলাকার একটি ব্যাংকের সামনে থেকে এসআই মাহবুবুর রহমান ও তাঁর সহযোগী ফরিদুল আলমকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা করেনি পুলিশ। থানা থেকে তাঁকে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে সোনালী লাইফ ইনস্যুরেন্সের চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক জিয়াউল করিমকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, এর আগেও এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁকে সতর্ক করা হয়েছিল।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ‘শিল্প পুলিশের এসআই মাহবুবুর মাদকাসক্ত। ওই বিমা কর্মকর্তার সঙ্গে তিনি অসংলগ্ন আচরণ করেছিলেন। বিমা কর্মকর্তার আচরণও সন্দেহজনক। তাই বিভাগীয় ব্যবস্থা নিতে মাহবুবুরকে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে মাহবুবুরের সহযোগীকে ফরিদুল আলমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাহবুবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে গতকাল বিকেলে শিল্প পুলিশ চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী রোববার এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মাহবুবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা বিমা কর্মকর্তা জিয়াউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও গতকাল তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে জিয়াউল কোতোয়ালি থানায় সাংবাদিকদের কাছে এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। তবে সন্ধ্যায় চট্টগ্রাম শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ জানান, জিয়াউল তাঁদের বলেছেন, বিষয়টি ভুল-বোঝাবুঝি ছিল।