দায়িত্বে অবহেলার কারণে নাটোরের তেবাড়িয়া রেলক্রসিংয়ের গেটম্যান সুলতান মৃধাকে গত মঙ্গলবার চাকরিচ্যুত করা হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাপরিচালক খায়রুল আলম চাকরিচ্যুতির বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেছেন।
নাটোর রেলস্টেশন সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে তেবাড়িয়া রেলক্রসিংয়ে গেট খোলা থাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ও ১৫ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় গেটম্যান সুলতান মৃধাকে চাকরিচ্যুত করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। দুর্ঘটনার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণের জন্য গঠিত চার সদস্যের তদন্ত দল গতকাল বুধবার থেকে তদন্ত শুরু করেছে। এ সময় সান্তাহারে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর আলম হোসেন দুর্ঘটনাস্থল ও নাটোর স্টেশনে এসে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করেন। দুর্ঘটনার সময় নাটোর স্টেশনের দায়িত্বরত মাস্টার ও পয়েন্টসম্যানদের সাক্ষ্য নেওয়া হয়।
নাটোর স্টেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী বলেন, অভিযুক্ত গেটম্যান সুলতান মৃধা তদন্ত দলের সামনে আসেননি। তিনি লিখিত কোনো বক্তব্যও দেননি। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দুর্ঘটনার কারণে প্রায় নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে ট্রেন চলাচল শুরু হলেও অধিকাংশ ট্রেন অনেক বিলম্বে যাতায়াত করছে। ওই দুর্ঘটনার পর মঙ্গলবার ঢাকা ও রংপুরের মধ্যে চলাচলকারী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয়। গতকাল নির্ধারিত সময়ে ট্রেনটি চলতে শুরু করে। তবে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস, ঢাকাগামী লালমনি ও দ্রুতযান এক্সপ্রেস এবং খুলনাগামী রূপসা ও সীমান্ত ট্রেন কয়েক ঘণ্টা বিলম্বে চলছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-তিন দিন লাগতে পারে।