অভিযুক্ত দুজনের বাড়িতে ভাঙচুর ও আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু মো. হানজালাকে (৮) গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দুজনের বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ওই দুজন হলেন মোস্তাকিম মিয়া (২৪) ও মো. মানিক মিয়া (৪৫)। মানিকের বাড়ি ধীতপুর গ্রামে। মোস্তাকিম তরফসোনামণি গ্রামের আবদুর রহিমের ছেলে। নিহত হানজালা একই গ্রামের মো. জাকারিয়ার ছেলে। মোস্তাকিম সম্পর্কে জাকারিয়ার চাচাতো ভাই।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হানজালার লাশ উদ্ধারের খবরে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এ ঘটনায় পুলিশের কাছে দায় স্বীকার করায় মোস্তাকিমের বাড়ি মধ্যরাতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর পাশের ধীতপুর গ্রামের পোনা বিক্রেতা মো. মানিক মিয়ার বাড়িও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই হত্যার ঘটনায় মানিক মিয়াও জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেন মোস্তাকিম।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নূর ই কাশেম বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তি দেওয়ার জন্য মোস্তাকিমকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মানিককে থানায় আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হানজালার বাবা মো. জাকারিয়া বলেন, তাঁর ছেলে পাড়াবাঁশহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর সে বাড়িতে বই রেখে বেরিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি নিজ গ্রাম ও আশপাশসহ উপজেলা সদরে মাইকিং করেন। পরে থানায় মামলা করেন। ঘটনাটি ব্যাপক প্রচার পাওয়ায় গ্রামের একাধিক লোক হানজালাকে মোস্তাকিমের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখার তথ্য দেয়। সেই সূত্রে পুলিশ মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদ করে শিশুটিকে হত্যা করার ঘটনা জানতে পারে। পরে মানিক মিয়াকেও ধরা হয়।
ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সীমা সরকার বলেন, কয়েক বছর আগে পারিবারিক ঘটনায় চাচাতো ভাই জাকারিয়ার কাছে অপমানিত হয়েছিলেন চানাচুর বিক্রেতা মোস্তাকিম। সেই অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তিনি শিশুটিকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ভুট্টাখেতের ভেতরে নিয়ে গলা কেটে হত্যা করেছেন বলে স্বীকার করেন। এ ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে গ্রামের লোকজন। ওই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটেছে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায়। এ ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য গ্রামের লোকজনকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে পুলিশ।
গতকাল মোস্তাকিমের বাড়িতে গিয়ে ভস্মীভূত বাড়িঘর দেখা যায়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
মানিক মিয়ার স্ত্রী সাবিনা ও ভাতিজি লুৎফুন্নাহার বলেন, হানজালা হত্যার ঘটনায় মানিক মিয়া জড়িত নন। পুলিশ তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর রাতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারা আগুন দিয়েছে তাঁরা দেখেছেন। তাঁরা এখন সর্বস্বান্ত।