অভিযুক্ত ব্যক্তি আটক ইউপি সদস্য পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উত্তর মাঝগ্রামের আয়েন উদ্দিনকে (৫০) গতকাল শুক্রবার আটক করেছে পুলিশ। তবে বিচারের নেতৃত্ব দেওয়া ইউপি সদস্য গা ঢাকা দিয়েছেন।
ধর্ষণের শিকার এক কলেজছাত্রীকে গ্রাম আদালতে নিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গ্রাম আদালতের ধর্ষণের বিচার করা এবং এত টাকা জরিমানা আদায়ের এখতিয়ার না থাকলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যেরা তা করেন। এ বিষয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘গ্রাম আদালতে লাখ টাকা জরিমানা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এরপর থানা-পুলিশ ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়েন উদ্দিনকে গতকাল সকালে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। একই সময়ে গ্রাম আদালতের বিচারক ও দ্বীপপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল উদ্দিনকেও আটকের জন্য অভিযান চালানো হয়। তবে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ধর্ষণের ঘটনায় মামলা করার জন্য গতকাল দুপুরে পুলিশ ওই ছাত্রীর বাড়িতে গেলে তাঁকেও পায়নি।