অভিযুক্ত ব্যক্তি 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে গত শনিবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোবারক উল্লাহ ওরফে মন্টি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব বলছে, ফকিরাপুলে এক তরুণীকে খুন করে লাশ টুকরা টুকরা করার ঘটনায় মোবারক সরাসরি জড়িত। তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।
১০ মার্চ ফকিরাপুলে ওয়াসা কার‌্যালয়ের পেছনে গরম পানির গলিসংলগ্ন এলাকায় একটি চারতলা বাড়ির চিলেকোঠাসহ আশপাশের স্থান থেকে সুমি খাতুন (২৪) নামের ওই তরুণীর সাত টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। ‘বন্দুকযুদ্ধে’ নিহত মোবারক ওই বাড়ির মালিক। ওই তরুণীকে বাড়িতে এনে মোবারকসহ কয়েকজন হত্যা করেছিলেন বলে র‌্যাব জানায়।
র‌্যাব-৩-এর কর্মকর্তারা জানান, তরুণী হত্যার ঘটনায় গত শনিবার জাহাঙ্গীর হোসেন ওরফে বাংলা সোহেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, ৯ মার্চ সন্ধ্যা সাতটার দিকে মোবারক তাঁর বাড়ির চিলেকোঠায় সুমিকে ডেকে পাঠান। চিলেকোঠায় মোবারক ছাড়াও সুজন ও সাইদুল নামের আরও দুজনসহ কয়েকজন মাদক সেবন করেন। একপর‌্যায়ে মাদকসংক্রান্ত অর্থ লেনদেনের শত্রুতার জের ধরে মোবারকেরা সুমিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ টুকরা করেন। এর আগে তাঁকে যৌন নির‌্যাতন করা হয়।
র‌্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আড়াইটার দিকে শাহজাহানপুরের টিটিপাড়া সুইপার কলোনিতে তল্লাশি চালানো হয়। একপর‌্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ওই সন্ত্রাসী নিজেকে মোবারক উল্লাহ ওরফে মন্টি হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়। ঘটনার সময় বাকি সন্ত্রাসীদের ধরতে গিয়ে র‌্যাবের সদস্য নায়েক সবুজ মিয়া পার্শ্ববর্তী রেললাইনে হোঁচট খেয়ে সামান্য আহত হন।
সুইপার কলোনির স্থানীয় কয়েকজন সাংবাদিকদের জানান, গভীর রাতে তাঁরা ২০-২৫টি গুলির শব্দ ও ‘ধর, ধর’ বলে চিৎকার শুনেছেন। কেউ ভয়ে বাসা থেকে বের হননি। সকালে তাঁরা একজনের মৃত্যুর খবর জানতে পারেন।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়ার উপস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে লাশের সুরতহাল করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হিমাংশু চন্দ্র সূত্রধর। সুরতহালে লাশের শরীরের বিভিন্ন জায়গায় ১৫টি রক্তাক্ত ছিদ্রের কথা উল্লেখ করা হয়েছে। নাম জানা সত্ত্বেও অজ্ঞাতনামা হিসেবে লাশের সুরতহাল তৈরির ব্যাপারে জানতে চাইলে এসআই হিমাংশু প্রথম আলোকে বলেন, ‘আমি নাম জানতাম না। থানার মাধ্যমে খবর পেয়ে আমি সুইপার কলোনির পাশের একটি মাঠ থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
মোবারকের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেলের মর্গে যান স্ত্রীসহ কয়েকজন স্বজন। এক স্বজন প্রথম আলোকে বলেন, ১০-১২ দিন ধরে নিখোঁজ ছিলেন মোবারক। মোবারক মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে তিনি শুনেছেন। তবে তরুণী হত্যার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়টি তিনি জানেন না। মোবারক তিন সন্তানের জনক।
র‌্যাব-৩-এর এক কর্মকর্তা জানান, হত্যার শিকার সুমিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আবার তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাঁর স্বামী নাছির উদ্দিনও একজন বড় মাদক ব্যবসায়ী। বর্তমানে নাছির কারাগারে আছেন। নাছির, সুমিসহ বেশ কয়েকজনের মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িত ছিলেন মোবারক।
তরুণী হত্যার ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এ ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীরকে ডিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব। টুকরা লাশটি শনাক্ত করা সম্ভব হয়েছিল কীভাবে জানতে চাইলে মামলার সাবেক তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের সময় লাশের টুকরাগুলো চিকিৎসক সেলাই করে দিয়েছিলেন। পরে পরিবারের লোকজন অবয়ব ও কাপড়-চোপড় দেখে লাশ শনাক্ত করে। ঢাকার ফকিরাপুল এলাকায় থাকতেন সুমি। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর পবার গোবিন্দপুরে।
ডিএনএ পরীক্ষা করা হয়েছে কি না, জানতে চাইলে এসআই বলেন, আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।