অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা দাউদ সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দাউদ সম্রাট সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাঁর পদবির বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের পৌর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম।
গত ২৭ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের এক মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন চলাকালে দাউদ সম্রাট ও হারুনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা চালায়। ঘটনার তিন দিন পর দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩২ জনকে আসামি করে মামলা করা হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, দাউদ সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের অবস্থান নিশ্চিত করে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু দ্রুত অবস্থান পাল্টানোর কারণে তাদের গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছে।
এর আগে ১ জানুয়ারি সীতাকুণ্ডের পন্থিছিলা মাজার এলাকার বাসিন্দা মীরজাফর ওরফে জাফর ও পন্থিছিলা হাজীপাড়া এলাকার মো. আমজাদ হোসেনকে প্রেসক্লাবে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়।