অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে সহকারী শিক্ষক রেজাউল ইসলাম ওরফে মানিককে (৩৫) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত রোববার দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের পৃথক দুটি সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে তাঁর বাড়িতে প্রাইভেট পড়াতে গিয়ে রেজাউল ইসলাম তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন। শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই শিক্ষক আত্মগোপনে রয়েছেন।

এদিকে গতকাল সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় ছাত্রীটি অংশ নিয়েছে। গতকাল সে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে।

গ্রেপ্তার: এদিকে এক প্রতিবন্ধী নারীকে (২৭) ধর্ষণের অভিযোগে ওকেত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে লালমনিরহাট সদর থানার পুলিশ গত রোববার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে।

গত ১৫ অক্টোবর সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামের ওকেত আলী প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করেন। ওই নারীর বাবা বাদী হয়ে রোববার দুপুরে সদর থানায় ওকেত আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।