লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রমাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তহিদুল ইসলামকে (১২) মারধর করার অভিযোগে গত বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন তহিদুলের বাবা ভ্যানচালক জমশের আলী। মামলায় অভিযুক্ত সহকারী শিক্ষক আবদুল আউয়াল ও প্রধান শিক্ষক আফছার আলীকে আসামি করা হয়েছে।
প্রধান শিক্ষক আফছার আলী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত না থাকলেও আমার বিরুদ্ধে মামলা হওয়ার কথা শুনেছি। আমার যা বলার ছিল, তা লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত কমিটির কাছে জানিয়েছি।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, ‘ঘটনাটির তদন্ত করে প্রতিবেদনের আলোকে আউয়ালকে ইতিমধ্যে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।’
সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় দুই শিক্ষককে আসামি করে মামলা হয়েছে।
প্রসঙ্গত রমাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার অভিযুক্ত আউয়ালের ছেলে রাকিবের গায়ে আঘাত করায় ওই শিক্ষক তহিদুলকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন।
প্রথম আলোর বিশাল বাংলায় গতকাল ‘শিক্ষকের পিটুনিতে ছাত্র হাসপাতালে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।