অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। পুলিশ বাধা দেওয়ার আগে স্থানীয় নাউরাইল মোড়ে কিছু সময়ের জন্য ওই মানববন্ধন করেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ও অভিভাবকেরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ১০ এপ্রিল তার (ছাত্রী) চাচা আবদুস সালাম রাইগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। চেয়ারম্যান তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন। এখন পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিদ্যালয়ের সামনে মানববন্ধন করার কথা ছিল। নির্দিষ্ট সময়ে স্থানীয় লোকজন সেখানে জমায়েত হতে গেলে পুলিশ বাধা দেয়। পরে নাউরাইল মোড়ে ১০-১৫ মানববন্ধন করলে তাতেও বাধা দেয় পুলিশ।
ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাবা-মা ঢাকায় চাকরি করেন। সে দাদা-দাদির কাছে থেকে লেখাপড়া করে। ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছিলেন। একপর্যায়ে সে ১০ এপ্রিল অভিভাবকদের বলে দেয়। পরে ছাত্রীর চাচা সালাম প্রথমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে বিষয়টি জানান। তাঁরা পদক্ষেপ না নিলে তিনি চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
আবদুস সালাম বলেন, ‘এ ঘটনার পর ভাতিজি ঢাকায় তার মা-বাবার কাছে চলে গেছে। অন্য অভিভাবকেরাও তাঁদের মেয়েদের ওই প্রতিষ্ঠানে পড়াতে ভয় করছেন।’
তবে ওই শিক্ষক সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ‘ওই শিক্ষক ও আমাকে ফাঁসাতে চেয়ারম্যানের সহযোগিতায় এই ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে। চেয়ারম্যান ভয় দেখিয়ে ওই ছাত্রীর জবানবন্দি নিয়েছেন। ছাত্রী চেয়ারম্যানের কাছে যে বক্তব্য দিয়েছে, ইউএনওর কাছে উল্টো বক্তব্য দিয়েছে। এ ছাড়া ওই ছাত্রীর চাচা আমার কাছে কোনো অভিযোগ করেননি।’
রাইগাঁ ইউপির চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। ওই ছাত্রী ও তার কয়েকজন সহপাঠী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের বক্তব্যের ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে। আমি তথ্য-প্রমাণসহ ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে লিখিতভাবে জানাই। বিদ্যালয়ের সভাপতি বিষয়টিকে আমার সাজানো ঘটনা বা চক্রান্ত বলে যে অভিযোগ করেছেন, তা মিথ্যা।’