অভিযুক্ত সহকারী পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (সার) রেজাউল করিমকে টাঙ্গাইল থেকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। গুদাম থেকে ৯২ হাজার ৪১৬ বস্তা সার গায়েবের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়েগতকাল দুপুরে সংবাদ সম্মেলনে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সাংবাদিকদের জানান, ভৈরব গুদাম থেকে সার গায়েব হওয়ার পর কিশোরগঞ্জ গুদামের যুগ্ম পরিচালক (সার) শহীদুল্লাহ শেখ বাদী হয়ে মামলা করেন। মামলায় রেজাউল ও গুদামরক্ষক খোরশেদ আলমকে অভিযুক্ত করা হয়। এরই মধ্যে তাঁদের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ঘটনা জানাজানির পরই তাঁরা আত্মগোপনে চলে যান। মামলাটি দুদক ময়মনসিংহ সার্কেলের উপপরিচালক পাল কমল চন্দ্র তদন্ত করছেন। গোপনে খবর পেয়ে পুলিশ গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইলের ভেড়াডোমা এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করে।

মৃত্যুঞ্জয় আরও বলেন, রেজাউল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভৈরব গুদামে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল। সে কারণে তাঁর পক্ষে অনিয়মের বাইরে যাওয়া সম্ভব হয়নি।

বিএডিসির ভৈরব গুদাম থেকে ৯২ হাজার বস্তা সার গায়েব হওয়ার ঘটনাটি ১২ নভেম্বর জানাজানি হয়। গায়েব হওয়া ওই সারের মূল্য প্রায় আট কোটি টাকা।