
বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ে কোচিং সেন্টারের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক শেখ মো. বেল্লাল হোসেনকে চাকরিচ্যুত করেছে স্কুল কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিন হাওলাদার বাদী হয়ে চাকরিচ্যুত শিক্ষক বেল্লাল হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন। তবে পুলিশ ওই শিক্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
৯ ডিসেম্বর বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় খণ্ডকালীন শিক্ষক বেল্লাল হোসেন পরিচালিত কোচিং সেন্টারের প্রশ্নপত্রে পরীক্ষা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষক বেল্লাল হোসেনের জড়িত থাকার প্রমাণ পায়। তাঁকে চাকরিচ্যুতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে জমা দেওয়া হয়। তিনি নিয়ম মেনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিন হাওলাদার আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আইসিটি বিষয় চালু করে স্ব স্ব প্রধান শিক্ষককে ওই পদে নিয়োগের ক্ষমতা দেয়। অধিদপ্তরের দেওয়া ক্ষমতাবলে দেড় বছর আগে এই স্কুলের প্রভাতি ও দিবা শাখায় দুজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বেল্লাল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় স্কুলের সুনাম অক্ষুণ্ন রাখতে তাঁকে চাকরিচ্যুতির সুপারিশ করে তদন্ত কমিটি। টিচার্স কাউন্সিলের জরুরি সভায়ও একই দাবি ওঠে। তাই নিয়োগবিধি মেনে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বাগেরহাট মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় শিক্ষক বেল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস শুক্রবার দুপুরে বলেন, বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের আইসিটি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক শেখ মো. বেল্লাল হোসেন প্রশ্নপত্র ফাঁস করে যে অপরাধ করেছেন, তা ক্ষমার অযোগ্য। তাই তাঁকে শুধু চাকরিচ্যুত করলেই হবে না। ভবিষ্যতে কোনো শিক্ষক যেন এ ধরনের অপরাধ করার ধৃষ্টতা না দেখাতে পারেন, সে জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।