শিক্ষককে মারধর ও হামলার ঘটনার ১৯ দিন পরও পুলিশ মামলা না নেওয়ার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পাবনার ঈশ্বরদীর কিন্ডারগার্টেনের শিক্ষকেরা। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত মামলা গ্রহণ ও তিন দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী উপজেলার সব কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে তাঁরা সড়ক অবরোধের ঘোষণা দেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান। বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষক শিহাব উদ্দিন, ফারুক বিশ্বাস, লাঞ্ছিত শিক্ষক আবদুল খালেক প্রমুখ।
আবদুল খালেক অভিযোগ করে বলেন, শহরের মশুড়িয়াপাড়ায় অবস্থিত তাঁর পরিচালনাধীন অরিয়ন কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের পাঠদান করার সময় গত ২৬ ফেব্রুয়ারি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে যুবলীগের কর্মী আবদুর রাজ্জাক (৩২) বিদ্যালয়ে আসেন এবং বার্ষিক ক্রীড়ার ফি ধার্য করা নিয়ে তাঁকে হুমকি ও গালাগাল করেন। একপর্যায়ে তাঁকে বিদ্যালয়ের অফিস কক্ষের ভেতরে এনে দরজা লাগিয়ে বেধড়ক মারধর ও কিলঘুষি দিতে থাকেন। অফিস কক্ষের আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করেন। মারধরে তিনি অজ্ঞান হয়ে যান। পরে শিক্ষকেরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ঘটনার বর্ণনা শুনে চলে যায়। পরে তিনি বিষয়টি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের স্ত্রী কামরুন্নাহার শরীফকে জানান। কামরুন্নাহার শরীফ বিদ্যালয়ের অনুষ্ঠানে এসে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আশ্বাস দেন, ‘সন্ত্রাসী যে দলের হোক, তাকে শাস্তি পেতে হবে।’
আবদুল খালেক আরও বলেন, হামলা ও তাঁকে মারধরের ঘটনায় তিনি ওই দিনই অভিযুক্ত রাজ্জাককে আসামি করে থানায় মামলার জন্য একটি অভিযোগ জমা দেন। কিন্তু পুলিশ ঘটনার ১৯ দিন পরও ওই মামলা গ্রহণ ও রাজ্জাককে গ্রেপ্তার করেনি।
অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক বলেন, বার্ষিক ক্রীড়ার ফি নিয়ে কথা বলতে গেলে ওই শিক্ষক তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার জাহান গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলা এখন প্রক্রিয়াধীন রয়েছে।