অভিযুক্তর বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
গত সোমবার ভারারুল জামতলা এলাকায় মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ওরফে ইয়াদ আলীর ছুরিকাঘাতে খুন হন একই এলাকার কামাল হোসেন খান। নিহত কামাল খান ভারারুল জামতলা এলাকার মুনসুর খানের ছেলে এবং হত্যাকারী ইয়াদ আলী একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০-২৫ দিন আগে ভারারুল এলাকার মাদক ব্যবসায়ী ইয়াদ আলী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পায়। ইয়াদ আলী পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার জন্য কামালকে দোষারোপ করে আসছিল। এর জেরে গত সোমবার কামাল খানকে ছুরিকাঘাত করে খুন করে ইয়াদ আলী। কামাল খুন হওয়ার পরপরই ইয়াদ আলী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে স্থানীয় চন্দ্রার বাজার এলাকায় নিহত কামাল খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ওই বাড়ির দুটি মাটির ঘরসহ চারটি ঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নেভানো হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি।
জয়দেবপুর থানার উপপরিদর্শক সুজায়েত হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বাড়িতে কেউ আগুন ধরিয়ে দেয়নি। সকালে ঝড়ের পর বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।