টাঙ্গাইলে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর ইসলাম ওরফে উল্কাসহ অন্য আসামিদের ধরতে পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। অভিযুক্তদের অবস্থান জানতে গোয়েন্দা তৎপরতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। শনিবার রাতে প্রধান আসামি উল্কার এক আত্মীয় ইয়ামিনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঘটনার পর পর শহরের কলেজপাড়া থেকে আটক উৎসব নামের এক যুবক সাক্ষী হিসেবে গতকাল রোববার বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
এদিকে ঘটনার পরপরই পূর্ব আদালতপাড়ার অনেক যুবক পুলিশি ঝামেলায় পড়ার আশঙ্কায় এলাকা ছেড়েছে। শীর্ষ সন্ত্রাসী উল্কা ও তাঁর অপর দুই ভাই পলাতক থাকায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে শহরের পূর্ব আদালতপাড়ায় শীর্ষ সন্ত্রাসী উল্কাকে গ্রেপ্তার করতে পুলিশ তাদের বাসা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্কা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে এএসআই নুরুল ইসলাম গুরুতর আহত হন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।