নওগাঁর বদলগাছি উপজেলার পারসোমবাড়ী ঘাটে ছোট যমুনা নদীর ওপর নির্মিতব্য একটি সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বালু তোলার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জড়িত থাকায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বদলগাছি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে পারসোমবাড়ী ঘাটে আট কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে সেতুর বেশির ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সেতুর পাশ থেকে শ্যালো মেশিন দিয়ে নদীর তলদেশের বালু তুলছেন। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে।
সরেজমিনে গত ২৩ জানুয়ারি বিকেলে দেখা যায়, নির্মাণাধীন সেতুটির ১০ গজ দূরেই শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে। ট্রাক এসে সেখান থেকে নিয়ে যাচ্ছে বালু। জাহিদ হোসেন (১৮) নামের এক তরুণ কত ট্রাক বালু গেল তার হিসাব রাখছিলেন। তিনি বলেন, প্রতি ট্রাক বালু ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় দেড় মাস ধরে এখানে বালু তোলা হচ্ছে। পারসোমবাড়ীর ফিরোজ হোসেন, রানা, বাচ্চু ও নাসির বালু উত্তোলনের কাজ দেখভাল করেন। কিছুক্ষণ পর ফিরোজ হোসেন সেখানে হাজির হন। তিনি বলেন, ‘আমরা কয়েকজন মিলে বদলগাছি উপজেলা আওয়ামী লীগের নেতা পঙ্কজ কান্তি ও আব্দুস ছালামের কাছ থেকে সাব লিজ নিয়ে এখানে বালু তুলছি। আপনি তাঁদের সঙ্গে কথা বলেন।’
পঙ্কজ কান্তি উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ও আব্দুস ছালাম ওই কমিটির সদস্য। যোগাযোগ করা হলে পঙ্কজ কান্তি গতকাল বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’ তাহলে কারা এ কাজে জড়িত জানতে চাইলে তিনি বলেন, সেখানে যঁারা বালু তুলছেন তাঁরাই জড়িতদের নাম বলতে পারবেন।
আব্দুস ছালাম গত রোববার সকালে মুঠোফোনে বলেন, ‘কোথায় কে বালু তুলছে তা আমার জানা নেই। আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কেউ বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই।’
বদলগাছির ইউএনও হুসাইন শওকত গত রোববার সকালে বলেন, ‘পারসোমবাড়ী ঘাটে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু তোলার ঘটনাটি উপজেলা প্রকৌশলী আমাকে জানিয়েছেন।’ তাহলে এত দিনেও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভেবেছিলাম বালু উত্তোলন বন্ধ হয়ে গেছে।’