সিলেটে স্কুলছাত্রীর উত্ত্যক্তকারীকে আশ্রয়দানের প্রতিবাদ করায় তার এক নিকটাত্মীয় অভিভাবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুজনকে ছুরিকাঘাত করা হয়। আওয়ামী লীগের এক নেতার ভাই এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তি হলেন সিলেট নগরের রায়নগর এলাকার বাসিন্দা বিপ্লব রায় ওরফে বিকুল (৩০)। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটে। যাঁর বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ তিনি হলেন, মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ সিরাজের ভাই জমশেদ সিরাজ।
স্কুলছাত্রীর পরিবারের ভাষ্য, বিকুলের অষ্টম শ্রেণিপড়ুয়া এক আত্মীয়কে মাস ছয়েক ধরে উত্ত্যক্ত করছিলেন পূর্ব মিরাবাজার এলাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন দাস। এ ব্যাপারে গত বছরের ৯ অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় মেয়েটির বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না। এতে পরিবারের পক্ষ থেকে বিকুল সামাজিকভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে জমশেদ মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁর বাসায় বিকুলকে লোক মারফত ডেকে নেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা বলেন, বিকুল কয়েকজন সঙ্গী নিয়ে জমশেদের বাসায় গেলে বাসার অদূরে বসে বিষয়টি নিষ্পত্তিতে আলোচনা চলে। একপর্যায়ে বখাটে সুমন জমশেদের আশ্রয়ে রয়েছে শুনে বিকুল এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে জমশেদ বিকুলকে ছুরি মারেন। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে অনন্ত ও প্রীতম নামে বিকুলের দুই সঙ্গীকেও ছুরিকাঘাত করা হয়। পরে বিকুলকে হাসপাতালে নিয়ে যান জমশেদ। তাঁর সঙ্গে সুমনসহ আরও সাত-আটজন ছিলেন। বিকুল মারা যাওয়ার পর গা-ঢাকা দেন জমশেদ।
আহত অবস্থায় তিনজনকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টায় বিকুল মারা যান। রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল বুধবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। তিনি জানান, বিকুলের বুকের বাঁ দিকে ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আর চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বিকুল মারা গেছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি। হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন।
রায়নগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বিকুল। মাস খানেক আগে বিয়ে করেছিলেন তিনি।
মেয়েটির বাবা এই প্রতিবেদককে বলেন, তাঁর মেয়েকে উত্ত্যক্তকারী হিসেবে সুমনের নাম উল্লেখ করে জিডি করা হয়েছিল। সেই কপিটি তাঁদের কাছে আছে। তাঁর অভিযোগ, সুমনকে নিবৃত্ত করতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই এই হত্যার ঘটনা ঘটল। এ ঘটনায় তিনি মামলা করবেন।
এদিকে বিকুল হত্যার পেছনে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ছিল না বলে দাবি করেন ওসি সোহেল আহমদ। তাঁর দাবি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনাটি যুক্ত করে একটি মহল খুনিদের আড়াল করার তৎপরতা চালাচ্ছে বলে মনে করছে পুলিশ। খুনি কারা—জানতে চাইলে বিষয়টি তদন্তাধীন বলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
জমশেদ পলাতক থাকায় যোগাযোগ করলে তাঁর ভাই জাভেদ সিরাজ বলেন, ছুরিকাঘাতের সঙ্গে জমশেদ জড়িত নন।
সুমন দাস নগরের পূর্ব মিরাবাজারের যে ফার্নিচার প্রতিষ্ঠানের ম্যানেজার, গতকাল সেটি বন্ধ ছিল। প্রতিষ্ঠানের মালিক তানভির মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সুমন ওই ঘটনার জেরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলেননি।