অভিযোগ গুদাম কর্মকর্তার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাদ্যগুদামে গম সংগ্রহে অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বরগুনা সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেনের হাতে লাঞ্ছিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিজানুর রহমান।
এ সময় অনিয়মের বিষয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য ধারণ করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে ধাক্কা দেন এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ক্যামেরাটি ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর খাদ্যগুদামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিজানুর রহমান।
মিজানুর রহমান অভিযোগ করেন, বরগুনা সদর খাদ্যগুদামের লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন বরগুনা শহরের কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে অন্য জেলা থেকে কম দামে (প্রতি কেজি ১৪ টাকা দরে) ২০০ মেট্রিক টন গম কিনে এনে তা সরবরাহ করান। আবার ওই ব্যবসায়ীদের মাধ্যমে সদর উপজেলার কৃষি কার্যালয় থেকে কার্ডধারী কৃষকদের তালিকা এনে ওই কৃষকদের নামে ভুয়া ক্রয়তালিকা তৈরি করে তাঁদের নামে গম কেনার টাকা তুলে নেন। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করার জন্য তিনি মঙ্গলবার সকালে বরগুনা খাদ্যগুদামে যান। এ সময় মোশারেফ হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তাঁর কাছে গেলে তিনি বক্তব্য না দিয়ে উত্তেজিত হয়ে মিজানুর রহমানের ওপর চড়াও হন এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ভিডিও ক্যামেরাটি ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগের বিষয়ে জানার জন্য মোশারেফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, মঙ্গলবার রাতে মিজানুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।